আ.লীগকেও রাজনীতির সুযোগ দিয়েছিলেন জিয়া: দুলু

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

​বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি বিলুপ্ত আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করেছিলেন। এতে গণতন্ত্রের অবসান ঘটে এবং মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারই পরিণতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগের একটি গোষ্ঠী তাকে হত্যা করে।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ​শনিবার (৭ নভেম্বর) দুপুরে লালমনিরহাটে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি দাবি করেন, ১৫ আগস্টের পর খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগেরই একটি অংশ ক্ষমতায় বসেছিল এবং শেখ মুজিবের মন্ত্রিসভার ২১ জন সদস্য মোশতাকের মন্ত্রিসভায় শপথ নিয়েছিলেন।

​৭ নভেম্বরের পটভূমি তুলে ধরে বিএনপি নেতা দুলু বলেন, ১৫ আগস্টের পর দেশে একের পর এক সেনা বিদ্রোহ ও অস্থিরতা দেখা দেয়। ৩ থেকে ৭ নভেম্বরের মধ্যে পরিস্থিতি চরম সংকটে পৌঁছালে জিয়াউর রহমানকে বন্দি করা হয়। পরবর্তীতে ‘দেশপ্রেমিক সিপাহী ও সাধারণ জনতা’ তাকে মুক্ত করে।

​তিনি বলেন, ক্ষমতায় এসে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং সব রাজনৈতিক দলের অধিকার নিশ্চিত করেন। সেই ধারাবাহিকতায় তিনি বিলুপ্ত আওয়ামী লীগকেও পুনরায় রাজনীতির সুযোগ দেন।

​চট্টগ্রামে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কথা স্মরণ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, চক্রান্তকারীরা ভেবেছিল জিয়াকে হত্যা করলেই বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু তার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করেছিল সাধারণ মানুষ তাকে কতটা ভালোবাসত।

​লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবুল বাশার সুমন, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন ও জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিছুর রহমান আনিছ।

সর্বশেষ সর্বাধিক পঠিত