মিরসরাইয়ে নুরুল উলুম ইদ্রিসিয়া মাদরাসায় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের নুরুল উলুম ইদ্রিসিয়া দাখিল মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৭ নভেম্বর) মাদরাসার অডিটোরিয়ামে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
 
মাদরাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় এবং সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী।
 
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। যুগে যুগে সময়ের প্রয়োজনে বিপ্লব সংঘটিত হলেও জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতির এমন প্রকাশ বিরল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেই ঐতিহাসিক সংহতির প্রকাশ ঘটেছিল। তার মতে, সেদিনের সংহতি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের প্রতি জনগণ ও সিপাহিদের সমর্থনের বহিঃপ্রকাশ। এই ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।
 
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির চেতনা পরবর্তী সময়ের বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনে প্রেরণা জুগিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানকেও তিনি সেই ঐতিহাসিক চেতনার ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন।
 
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় তিনি মাদরাসার শিক্ষার্থীরা আগামী পরীক্ষাগুলোতে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও এগিয়ে যাবে বলে আশাবাদ জানান।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দীন মোহাম্মদ হানিফ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. ইব্রাহিম ও আলহাজ মাহবুবুল হক প্রমুখ।
 
আলোচনা সভা শেষে দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত