জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন পটুয়াখালীর শংকর

দীর্ঘদিন ধরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা এবং জনসেবামূলক কাজে ভূমিকা রেখে আসছেন শংকর।

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি বিভিন্ন কার্যক্রমে নিষ্ঠা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার শংকর হাওলাদার। 
 
শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা সনদ গ্রহণ করেন রতনদী তালতলী ইউনিয়নের এই মহল্লাদার।
 
দীর্ঘদিন ধরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা এবং জনসেবামূলক কাজে ভূমিকা রেখে আসছেন শংকর। থানার নিয়মিত চৌকিদার প্যারেডে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক সভা-সমাবেশ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন তিনি।
 
তবে আইনশৃঙ্খলা রক্ষার বাইরেও সরকারি বিভিন্ন কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে স্থানীয় প্রশাসনের। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
 
২০২৬ সালের জুলাই মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন (০-১ বছর) কার্যক্রমে রতনদী তালতলী ইউনিয়ন সারাদেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে এ কার্যক্রমে দেশসেরা হয় গলাচিপা উপজেলা। এ সাফল্যে অবদানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
 
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, শংকর একজন ভালো ও পরিশ্রমী মানুষ। সরকারি বিভিন্ন কর্মসূচিতে তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সফল করতে তিনি অনেক পরিশ্রম করেছেন। তার কাজের স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে আনন্দের।
সর্বশেষ সর্বাধিক পঠিত