রাজশাহীতে ছাত্রীদের মধ্যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আয়োজনে এবং জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ফাহিমা মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তর, রাজশাহীর সিনিয়র সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা মো. আমিনুল হক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য কবি ও গীতিকার মো. মুস্তাফা ফেরদৌস হাজরা এবং সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান ও মো. শরিফুল ইসলাম শ্রাবণ প্রমুখ।
বক্তারা এ ধরনের উদ্যোগ ও আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি ছাত্রীদের বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।
জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা মো. আমিনুল হক তার বক্তব্যে জানান, রাজশাহী মহানগরীর চারটি স্কুল ও দুটি কলেজে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
আলোচনা শেষে ৩০ জন ছাত্রীর হাতে ‘সুলতানার স্বপ্ন’ বই তুলে দেওয়া হয়। আগামী মঙ্গলবার দুপুর ১২টায় বইটির ওপর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।