মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পড়ে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের ওপর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যান।
সেখান থেকে মরদেহ উদ্ধারের পর হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।