এমপি আজাদ বললেন

বিএনপির নাম ভাঙিয়ে কারা টাকা চায় বলুন ব্যবস্থা নেব

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকী ও জন্মদিনের নামে বিএনপি বা দলের নেতৃবৃন্দের নাম ব্যবহার করে কেউ টাকা চেয়ে থাকলে তাদের নাম প্রকাশ করা উচিত। বিষয়টি সুনির্দিষ্টভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের বক্তব্যের প্রসঙ্গ টেনে এমপি আজাদ বলেন, ‘আমরা বিশেষ কোনো সার্ভিসের জন্য প্রধানমন্ত্রীর কাছে চাইতে পারি কিংবা আমাদের মাধ্যমে প্রস্তাব করতে পারি এটা ঠিক আছে। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী ও জন্মদিন উপলক্ষে টাকা চাওয়ার মতো কিছু কথা এসেছে। বিএনপি সরকার বা আমাদের নেতৃবৃন্দ এ ধরনের কোনো নির্দেশ দিয়েছেন বলে আমার জানা নেই। যদি এ রকম কিছু হয়ে থাকে, তাহলে যারা আমাদের নাম করে টাকা চাইছে, তাদের নাম পরিষ্কার করে বলুন। আমরা ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এ বিষয়ে বিশেষ ব্যবস্থা নেব।’

জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ্ আল আমিন, সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ বেগম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত