হাইকোর্টের নির্দেশে মুক্তি পাচ্ছেন নির্দোষ আলমাস

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছের পরিবর্তে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাসকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গতকাল রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্ট আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

নামের মিলে প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির পরিবর্তে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে গত সেপ্টেম্বরে হাইকোর্টে রিট আবেদন করেন কারাগারে থাকা আলমাস। প্রাথমিক শুনানি নিয়ে ৬ সেপ্টেম্বর রুল দিয়ে কারাগারে থাকা আলমাস এবং দ-িত ব্যক্তির পরিচয়সহ বিস্তারিত তথ্য যাচাইয়ে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। আদেশে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত পরিচালনা করা এবং ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। সম্প্রতি আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, প্রকৃত আসামি আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আলমাস এ মামলার সাজাপ্রাপ্ত আসামি নন।

গতকাল আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান। আইনজীবীদের তথ্য মতে, ২০০২ সালের ১০ এপ্রিল মো. আলমাছ (২৪) ও মো. নাজমুল আলম মামুনের (২২) বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। ২০০৪ সালের ১৯ জুন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১১ অস্ত্র মামলার রায়ে মিরপুরের পাইকপাড়ার আহমেদনগরের মো. আলমাছকে ১০ বছর কারাদ-াদেশ ও নাজমুলকে খালাস দেয়। তবে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আলমাছ পলাতক থাকায় তার নামে সাজা পরোয়ানা জারি হয়।

২০২৪ সালের ২০ মার্চের পরোয়ানার পরিপ্রেক্ষিতে আলমাসকে গত বছরের ৫ নভেম্বর গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সেই থেকে আলমাস কারাগারে। প্রতিবেদনে গ্রেপ্তার হওয়া আলমাস এবং দ-প্রাপ্ত আলমাছ দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

ব্যারিস্টার তানভীর আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘সাজা পরোয়ানার ভিত্তিতে নিরপরাধ আলমাসকে ২০১৫ সালেও পুলিশ আটক করেছিল। তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান নিশ্চিত করেছিলেন যে, আলমাস প্রকৃত আসামি আলমাছ নন। এরপর আলমাসকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গত বছর আবারও তাকে গ্রেপ্তার করে পুলিশ। ফলে তিনি এক বছরের বেশি সময় কারাভোগ করেছেন। হাইকোর্ট তাকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছে। মুক্তির পর আলমাসের ক্ষতিপূরণের বিষয়টি হাইকোর্টে তুলব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত