পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১টার দিকে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য সিরাজ মোল্লাকে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ পিকআপে করে থানায় নিয়ে আসার খবর ছড়িয়ে পড়লে আসামির তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক সিরাজকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে হামলাকারীরা।  হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর দপদপিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘সিরাজ মোল্লার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তার করা হলে তার পরিবারের সদস্যরা পুলিশের গাড়িতে হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত