টেকসই নগরায়ণ ও সুষম আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলার জন্য মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, সরকারের লক্ষ্য কেন্দ্রীভূত নগরায়ণ নয়; বরং বিকেন্দ্রীকৃত ও সুষম নগর ও আঞ্চলিক উন্নয়ন। এ লক্ষ্যে ঢাকার চারপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি নগর উন্নয়ন অধিদপ্তর প্রথমবারের মতো ১০ বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে।
গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় স্থাপত্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘বাংলাদেশে ইউনিফর্ম স্পেশাল প্ল্যানিং সিস্টেম প্রবর্তন’ শীর্ষক সেমিনারে মন্ত্রী বলেন, বাসস্থান মানে শুধু চার দেয়াল নয়; এর সঙ্গে নিরাপদ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন, গণপরিবহন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ জড়িত। মেট্রোপলিটন শহর থেকে ধাপে ধাপে উপজেলা পর্যায় পর্যন্ত পরিকল্পনা সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা এবং কৃষি ও পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে ‘স্থানিক পরিকল্পনা আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। এ আইনের আওতায় জাতীয় ও আঞ্চলিক স্থানিক পরিকল্পনা এবং নীতিগত কাঠামো তৈরি করবে নগর উন্নয়ন অধিদপ্তর।
সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ, কক্সডিএ, এলজিইডি ও সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার পরিকল্পনায় জরিপ, তথ্যের মান, মানচিত্রের স্কেল ও ভূমি ব্যবহারের শ্রেণিতে ভিন্নতা রয়েছে। এতে পরিকল্পনার তথ্য সমন্বয় এবং সংস্থাগুলোর কাজের এখতিয়ার নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে অভিন্ন জরিপ পদ্ধতি, তথ্যের মান ও অনুমোদন প্রক্রিয়া চালুর প্রস্তাব করা হয়েছে। ২০৩৫ সালের মধ্যে জাতীয় ও সব জেলার স্থানিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করেছে অধিদপ্তর।
সেমিনারে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। স্বাগত বক্তব্য দেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. মো. মাহমুদ আলী।