ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম সদস্য সচিব রবিন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক করা হয়েছে। এর আগে কমিটির আহ্বায়ক ছিলেন রফিকুল আলম মজনু এমপি।

গতকাল রবিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি পুনর্গঠনের কথা জানানো হয়। দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চারজনের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে। সাইফুল ইসলাম ও তানভীর আহমেদ রবিন আগের কমিটিতেও একই পদে ছিলেন।

২০২৪ সালের ৮ ডিসেম্বর রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছিল। ওই কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক ও ৪৬ জন সদস্য ছিলেন।

এর আগে ২০২৪ সালের ৭ জুলাই রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল বিএনপি। ওই বছরের ১৩ জুন আবদুস সালামের নেতৃত্বাধীন আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল। সে কমিটিতে সদস্য সচিব ছিলেন রফিকুল আলম মজনু। ফলে নতুন কমিটি পুনর্গঠনের মাধ্যমে আবদুস সালাম আবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেলেন। আহ্বায়ক  আবদুস সালামের নেতৃত্বে নতুন কমিটির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর দুই সাংগঠনিক শাখার নেতৃত্বে পরিবর্তন এলো। দুই সিটি করপোরেশনের বর্তমান প্রশাসকই এখন নিজ নিজ মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আগামী সিটি করপোরেশন নির্বাচনে দুই আহ্বায়ককে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করার ইঙ্গিত দিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির শুভেচ্ছা বিনিময় : বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টন  ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল রবিবার বিকেলে জাতীয় সংসদ সচিবালায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের এ শুভেচ্ছা বিনিময় হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত