এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস না করায় ছয় জেলার ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত ৫ নভেম্বর বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়ার সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের সশরীরে উপস্থিত হতে হবে।
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, উপস্থিতির সময় প্রত্যেক অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে হবে। পাশাপাশি এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করার কারণ ব্যাখ্যা করে লিখিত বক্তব্য জমা দিতে হবে।
তলব করা ১৫ প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার তিনটি, লক্ষ্মীপুরের পাঁচটি, ব্রাহ্মণবাড়িয়ার দুটি, চাঁদপুরের দুটি, ফেনীর দুটি এবং নোয়াখালীর একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো- চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাইয়ের সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের বগৈড় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর অ্যান্ড শামসুল হক মডেল কলেজ, ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিরগাঁও উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের হাজিমিয়ার হাট উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ফেনী সদরের বিকন মডেল কলেজ।
বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু পরীক্ষার ফল নয়, প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনাও পর্যালোচনা করা হবে। গত পাঁচ বছরের নথিপত্র যাচাই করে ফল বিপর্যয়ের পেছনে থাকা দুর্বলতাগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, এর আগেও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবারও শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার অধ্যক্ষদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসসি: এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর