লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম

৩৬৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ক্যারিবীয়দের ইনিংস ঘোষণার পর জয়ের মিশনে নেমে শুরুটা ভালো হলেও দলীয় চল্লিশ রান পার করতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। স্পিনার জেমেল ওয়ারিক্যানের ঘূর্ণিতে ৭ রানের মধ্যে তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেরায় ম্যাচে এখন ড্র কিংবা জয়ের পথে বেশ কঠিন হয়ে গেল বাংলাদেশের।

২২ গজে চাপ সামলাতে এই মুহূর্তে ব্যাট করছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। টেস্টের পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনের বাকি সময়ে ১৪ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৯ রান। জয়ের জন্য এখনো দরকার ৩২০ রান।

দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা অবশ্য মন্দ করেননি তানজিদ  শান্ত। ভালো গতিতে রানও তুলছিলেন তারা। তবে ইনিংসের অষ্টম ওভারে এসে বড় শট খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তানজিদ। জেমেল ওয়ারিক্যানের বল মিডউইকেটে বাউন্ডারির ওপর দিয়ে ওড়াতে গিয়ে জশুয়া ডা সিলভার হাতে ক্যাচ দেন তিনি। চারটি চারে ৩২ বলে ২১ রান করে তার বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান হৃদয়।

তবে তানজিদের বিদায়ের রেশ কাটতে না কাটতেই দ্বাদশ ওভারে ফের আঘাত হানেন সেই ওয়ারিক্যান। এবার বাঁহাতি এই স্পিনারের ভেতরে ঢোকা বল পেছনের পায়ে খেলতে গিয়ে প্যাডে লাগান অধিনায়ক শান্ত। আম্পায়ার নটআউট দিলেও ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেজ রিভিউ নিয়ে সফল হন। এতে ২৭ বলে ১৪ রান করে শান্তকেও ফিরতে হয় সাজঘরে। দলীয় মাত্র ৪০ রানে দুই উইকেট হারিয়ে দল যখন চরম চাপে, তখন উইকেটে আসেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

এর আগে দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভার ব্যাট করে ৫৩ রান যোগ করার পর ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতে সিলেট টেস্ট জিততে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বড় লক্ষ্য দাঁড়ায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত