দল ঘোষণার আগেই অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ লাবুশেন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

একসময় ছিলেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের সূচনাতেই ৩৩ ম্যাচে হাকিয়েছিলেন ১০টি সেঞ্চুরি এবং গড় ছিল প্রায় ষাটের কাছাকাছি। কিন্তু সময়ের আবর্তে মাঠের সেই ধারাবাহিকতা হারিয়ে এখন তিনি চরম সংকটে। বাজে ফর্মের ধারাবাহিকতায় এবার মাশুল দিতে হলো মারনাস লাবুশেনকে। আগামী ৯ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া চার টেস্টের হোম সিরিজের পুরোটা থেকেই এই অজি ব্যাটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান জাতীয় দল নির্বাচক প্যানেল।

অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ টেস্ট স্কোয়াড ঘোষণা করার আগেই আজ সোমবার এক সংবাদ সম্মেলনে লাবুশেনকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে ৬ ইনিংসে মাত্র ১৩১ রান এবং গত ৪৯ আন্তর্জাতিক টেস্ট ইনিংসে কোনো সেঞ্চুরি না থাকা, সব মিলিয়েই নির্বাচকদের এমন কঠোর সিদ্ধান্ত। বেইলি স্পষ্ট জানিয়েছেন, কেবল পার্থ টেস্ট নয়, ট্রান্স-তাসমান সিরিজের কোনো ম্যাচেই তাকে বিবেচনা করা হবে না।

দল থেকে বাদ পড়লেও লাবুশেনের জন্য জাতীয় দলের দরজা একেবারেই বন্ধ হয়ে যায়নি। ঘরোয়া শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের অধিনায়ক হিসেবে নিজেকে আবারও প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই ৩২ বছর বয়সী ব্যাটার। ২০২৩ সালের অ্যাশেজের পর থেকে ১০ টেস্টে মাত্র ২৩.৬৬ গড়ে রান করা লাবুশেনের জন্য রান করাই এখন একমাত্র লক্ষ্য।

দল ঘোষণার আগেই কেন লাবুশেনকে বাদ দেওয়ার ঘোষণা দেওয়া হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক বেইলি বলেন, ‘আমরা নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে তো বটেই, পুরো সিরিজেই মার্নাসকে নির্বাচনের জন্য বিবেচনা করব না। আজ বিষয়টি স্পষ্ট করার মূল কারণ হলো, তার দলে থাকা নিয়ে সংবাদমাধ্যমে প্রচুর জল্পনা-কল্পনা হচ্ছিল। এতে তার ওপর থেকে কিছুটা চাপ কমবে এবং পরিস্থিতি স্পষ্ট হবে।’ 

তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই জানি সেরা ছন্দে থাকলে মার্নাস কতটা কার্যকরী ও অসাধারণ হতে পারে, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই পারফরম্যান্স দেখা যায়নি। মার্নাস বাস্তববাদী, সে খুব ভালো করেই জানে যে সেরা ছয়ের ব্যাটার হিসেবে তার মূল কাজই হলো রান করা এবং যা বেশ কিছুদিন ধরে হচ্ছিল না।’ 

ভবিষ্যতে ভারতের বিপক্ষে সিরিজ ও অ্যাশেজ সফরের কথা মাথায় রেখে লাবুশেনের জাতীয় দলে ফেরার সম্ভাবনার কথা জানিয়ে বেইলি বলেন, ‘অবশ্যই তার ফেরার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। আমরা কাউকে চিরতরে বাদ দিয়ে দিই না। ফার্স্ট ক্লাস ক্রিকেটে সে সবসময়ই অসাধারণ পারফরমার ছিল। তাই সে যে আবার রানে ফিরবে, এটাই আমাদের প্রত্যাশা।’ 

নির্বাচকদের এই আগাম সিদ্ধান্তের ফলে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন পুরোপুরি ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে পারবেন লাবুশেন। কুইন্সল্যান্ডের হয়ে আবারও বড় ইনিংস খেলে টেস্ট ক্রিকেটের রাজকীয় মঞ্চে ফেরার লড়াইটাই এখন এই অভিজ্ঞ ব্যাটারের সামনে প্রধান চ্যালেঞ্জ।

সর্বশেষ সর্বাধিক পঠিত