ফেব্রুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে জানুয়ারি ২০২৭ থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সভায় শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সময়সূচি, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমে সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইউজিসি চেয়ারম্যান জানান, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ২০২৬ সালে এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। তাদের জন্য খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফল প্রকাশের পর ভর্তি কার্যক্রম শুরু হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সেসব সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখে যেন কোনো সংঘাত তৈরি না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়, সেটিই তাদের প্রত্যাশা।

ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

ভর্তি কার্যক্রমে ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। কমিটি সারা বছর ভর্তি পরীক্ষার কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ে কাজ করবে। আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।

ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়। চলতি বছর গত বছরের মতোই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর জ্ঞান নয়, বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতাও যাচাই করা প্রয়োজন। যে বিষয়ে একজন শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে চান, সেই বিষয়ে তাঁর মৌলিক জ্ঞান ও সামর্থ্য মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া দরকার। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টি যথাযথভাবে বিবেচনার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষায় বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় রেখে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চার লাখের বেশি আসন রয়েছে।

এ পরিস্থিতিতে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ এবং শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করা হয়।

ইউজিসি চেয়ারম্যান আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি এ ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে; কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।

তিনি আশা প্রকাশ করেন, উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের যথাযথ ব্যবহার এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত