সিলেট টেস্টের চাকা ঘুরছে বিভিন্ন দিকে। শেষ সেশনে জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ২০৭ রান, হাতে আছে ৮ উইকেট। সেখানে এক সেশনে এই রান তুলতে হলে খেলতে হবে টি-টোয়েন্টি ভঙ্গিতে, বা উইকেট বাঁচিয়ে আসবে ড্র। অবশ্য সেসব পরিসংখ্যান ছাপিয়ে চলমান শেষ দিনটি বাংলাদেশ ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিনে পরিণত হয়েছে। ৩৬৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে উইকেটে কেবল প্রতিরোধই গড়ে তোলেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়, বরং ব্যক্তিগত অর্জনে গড়লেন বিশ্বমানের সব রেকর্ড।
মুশফিক দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটের ৭ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন, আর প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি হাঁকিয়ে এক টেস্টে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেব দুই ইনিংস মিলিয়ে তিন শ রান কীর্তি গড়েছেন তাওহীদ হৃদয়।
দ্বিতীয় সেশনের খেলায় উইকেটে থিতু হয়ে দারুণ সাবলীল ব্যাটিং করতে থাকেন মুশফিক ও হৃদয়। এই সেশনের মাঝপথেই ইনিংসের ২০তম ওভারে ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করেন মুশফিক। দীর্ঘ প্রায় ২১ বছরের ক্যারিয়ারে ১০৭ ম্যাচ ও ১৯৭ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটির সাহায্যে ৩৯.১০ গড়ে এই অনন্য উচ্চতায় পৌঁছান ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার।
টেস্টে বাংলাদেশের হয়ে ৬ হাজার রান বা তার বেশি অন্য কারও নেই; দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ২৯৩ রান রয়েছে মুমিনুল হকের। বিশ্ব ক্রিকেটের দীর্ঘ টেস্ট ইতিহাসে ৫৯তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করে কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে (৬৯৯৬) পেছনে ফেলে এখন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসের (৭০৩৭) ঠিক ওপরে অবস্থান করছেন মুশফিক।
অন্যদিকে, প্রথম ইনিংসে ২৪২ রানের ইনিংস খেলা হৃদয় দ্বিতীয় ইনিংসেও নিজের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখে ফিফটি তুলে নেন। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই অনন্য অর্জনের পথে তিনি ভেঙেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল হকের গড়া ২৮১ রান (১৭৬ ও ১০৫) এবং পরবর্তী সময়ে নাজমুল হোসেন শান্তর করা দুই ইনিংস মিলিয়ে ২৭৩ ও ২৭০ রানের রেকর্ডগুলো।
রেকর্ড গড়া এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ও দায়িত্বশীল জুটিতে ভর করে দলের স্কোর শতরান পেরিয়ে সামনের দিকে এগোচ্ছে। চা বিরতিতে যাওয়ার দ্বিতীয় সেশন শেষে ৪৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬২ রান। জয়ের জন্য শেষ সেশনে দরকার আরও ২০৭ রান। রেকর্ড করে আরও এক রেকর্ডের পথে এগোনো হৃদয় অপরাজিত আছেন ৮২ রানে আর মুশফিক ব্যাট করছেন ৪০ রানে।
লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ