২২৬ কোটি টাকা ঋণ

দেউলিয়ার পথে অনন্ত জলিল!

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

বড় ধরনের সংকটে পড়েছেন চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান। এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা টিকিয়ে রাখতে বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেও সাড়া পাননি তিনি। এমনকি কারখানা ভাড়া দেওয়ার চেষ্টা করেও সফল হননি। এর মধ্যেই ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। 

নোটিস অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। 

নোটিসে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে। 

নোটিস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে। অন্যদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। 

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন এই ব্যবসায়ী। এ নিয়ে একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেছিলেন তিনি। তবে কোনো পক্ষ থেকেই আশানুরূপ সাড়া মেলেনি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত