কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে প্রকাশ্যে এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর। এতে গুরুতর আহত ওই ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত জাকিয়া সুলতানা মমো (১০) কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হাসান বলেন, ‘আজ দুপুরে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে জরুরি বিভাগে আসে মমো। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও শল্য চিকিৎসা দিয়েছেন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তবে মহিলা সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আপাতত রোগী ঝুঁকিমুক্ত।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘দুপুর ১টার দিকে মমো স্কুলে টেস্ট পরীক্ষা শেষে বাসায় ফেরে। বাসার গেটের সামনে অপেক্ষা করার সময় স্থানীয় ইমন নামে এক বখাটে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আহত ছাত্রীর বাবা ও থানাপাড়া এলাকার ভাড়াটে বাসিন্দা জাকারিয়া হোসেন অভিযোগ করেন, বখাটে যুবক ইমন বেশ কিছু দিন ধরে মেয়েকে স্কুলে যাতায়াতের পথে বাধা দিয়ে উত্ত্যক্ত করত। তিনি বলেন, ‘কে জানত, শেষ পর্যন্ত আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে এভাবে নৃশংস হামলা করবে। বর্তমান পরিস্থিতিতে আমরা যারা মেয়ের অভিভাবক, তাদের মার খেয়েও মুখ বুজে সহ্য করতে হচ্ছে। আমি এই হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মন্ডল বলেন, ‘জাকিয়া সুলতানা মমো তার ব্যাচের সেরা দশ শিক্ষার্থীর একজন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে সে দারুণ মেধাবী। মমোর ব্যবহার-আচরণে কখনো কোনো অভদ্রতা ছিল না। অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ছাত্রী হিসেবে স্কুলে তার পরিচিতি রয়েছে। বিষয়টি স্কুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমাদের সবাইকে চরম শঙ্কার মুখে ফেলে দিয়েছে।’
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন আরও জানান, বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ ইতোমধ্যে স্থানীয় ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সন্দেহভাজন হামলাকারীকেও শনাক্ত করা হয়েছে। কিশোর ইমনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব কটি ইউনিট অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।