চন্দনাইশে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে দুটি নিয়মিত মামলার তিন আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজনও রয়েছেন।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গত রবিবার (৮ নভেম্বর) রাত ১০টা থেকে সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১১, ১২ ও ১৩ ধারার মামলায় (মামলা নং-০৮) চন্দনাইশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারার মৃত আহমদ নবীর ছেলে ফৌজুল আজিম ওরফে ফজু (৫০) এবং দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাছানদণ্ডি কাজীর পাড়ার জহির আহমদের ছেলে মো. হৃদয়কে (২৪) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দায়ের করা অপর একটি মামলায় (মামলা নং-০৪, জিআর-১৫৮) ফৌজুল আজিম ওরফে ফজু এবং একই এলাকার মৃত আহাম্মদ নবীর ছেলে আবু সুফিয়ানকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় করা হয়েছে। ফৌজুল আজিম ওরফে ফজু দুটি মামলাতেই গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে, মোবাইল কোর্ট মামলা নং-১৮৬/২৬-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০০ টাকা অর্থদণ্ড ও ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত মোহাম্মদ আকিবকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি গাছবাড়িয়ার সৈয়দ পাড়ার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রফিকের ছেলে। গত ৮ নভেম্বর মোবাইল কোর্ট তাকে এ সাজা দেন।

চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত