লাইফ সাপোর্টে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৮ এএম

বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে ভুগছেন তিনি। বর্তমানে ঢাকার ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন দেশের এই বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব।

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বর্ষীয়ান সংগঠকের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর শুভানুধ্যায়ীরা। সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সংগঠক আবদুল গাফফার সুদূর যুক্তরাষ্ট্র থেকে উদ্বীগ্ন প্রকাশ করে বলেছেন, ‘হারুন ভাই অনেক দিন ধরেই লাইফ সাপোর্টে রয়েছেন। প্রায় প্রতিদিনই ভাবীর সঙ্গে আমার কথা হয় হারুন ভাইয়ের কুশলাদি জানার বিষয়ে। আসুন আমরা দোয়া করি হারুণ ভাই যেনো সুস্হ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।'

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হারুনুর রশীদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাধারণ সম্পাদক ছিলেন। দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আবাহনীর সাধারণ সম্পাদক ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটি ও ফিফার মিডিয়া কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক সহসভাপতি হারুনুর রশীদ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সেরা সংগঠকের পুরস্কারও অর্জন করেছেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত