রাজধানীর আদাবরের শ্যামলী রিং রোড এলাকা থেকে ৬টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ জন নেতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন- মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
এসআরবি-২ জানায়, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় বিশেষ অভিযান চালায় টিম। এ সময় একটি মোটরসাইকেলের থাকা মাহবুব ও রাশেদকে ছয়টি পেট্রোল বোমা এবং ৯৫০ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একাধিক নাশকতার মামলার আসামি বলে জানিয়েছে এসআরবি-২।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তারা পেট্রোল বোমা ও গানপাউডার নিয়ে সেখানে অবস্থান করছিলেন। দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান।