দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প-শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ সংক্রান্ত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ মোট চারটি গ্রেডে সর্বশেষ স্তরের এ প্রস্তাব দিয়েছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, এক নম্বর গ্রেডে ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। শ্রমিক পক্ষের প্রস্তাব পর্যালোচনার জন্য সময় চেয়েছে মজুরি বোর্ড। পাশাপাশি মালিক পক্ষের প্রস্তাব ও মতামত জানাতে চার কার্যদিবস সময় দিয়েছে বোর্ড। বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার সংবাদ মাধ্যমেকে জানান, ‘এক নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা এবং দুই নম্বর গ্রেডের জন্য ৪৩ হাজার, তিন নম্বর গ্রেডের জন্য ৩৮ হাজার ও চার নম্বর গ্রেডের জন্য আমরা মজুরি চেয়েছি ৩২ হাজার টাকা। শিক্ষানবিশ বা একবারে নতুন শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে।’
শ্রমিক পক্ষের এ নেতা মনে করেন, জিনিসপত্রের বর্তমান বাজারমূল্য, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তুলনা করলে শ্রমিকদের দাবি বা প্রস্তাব প্রয়োজনের তুলনায় কম। কিন্তু শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় শিল্প উৎপাদন ও টিকে থাকার চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতার মধ্যেই শ্রমিক পক্ষ দাবি করেছে।
বাবুল আখতার জানান, কর্মকর্তা-কর্মচারীদের মজুরি এক নম্বর গ্রেডে ৫৫ হাজার টাকা, দুই নম্বর গ্রেডের জন্য ৫০ হাজার, তিন নম্বর গ্রেডের জন্য ৪৫ হাজার ও চার নম্বর গ্রেডে (অফিস স্টাফ) পর্যায়ে ৪০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
শ্রমিক পরিবারের খরচ প্রসঙ্গে তুলে বাবুল আখতার বলেন, ‘একজন ওয়ার্কার, চারজন ফ্যামিলি হিসাব করে যদি আপনি ক্যালোরি হিসাব করেন বা বর্তমান বাজারমূল্য, ঘরভাড়া, চিকিৎসা, তাদের বাচ্চাদের শিক্ষা সমস্ত কিছু যদি বিবেচনায় নেন, তাহলে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন।
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, গতকাল সোমবার মালিক, শ্রমিকÑ উভয় পক্ষেরই প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চেয়েছে। চার কার্যদিবস সময় দিয়েছি।
ব্যর্থ হলে আমরা তাদের প্রস্তাবের অপেক্ষা করব না।
মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন বলেন, ‘আপনারা সবাই জানেন যে ঢাকায় এবং ঢাকার আশপাশের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে ওই দিকেই আমাদের কনসেন্ট্রেট করতে হচ্ছে। এদিকে আমরা সেইভাবে মনোনিবেশ করতে পারি নাই। যার জন্য আমরা এক সপ্তাহ সময় চেয়েছিলাম। কিন্তু চেয়ারম্যান ও বোর্ডের সবার সম্মতিক্রমে চার দিনের সময় দেওয়া হয়েছে। আগামী চার কর্মদিবসের মধ্যে বোর্ডকে আমাদের প্রস্তাবনা পেশ করব।’
প্রস্তাবিত মজুরি কবে থেকে বাস্তবায়ন হবে এমন এক প্রশ্নের উত্তরে বিজিএমইএর এ পরিচালক বলেন, নতুন বেতন কাঠামো ডিসেম্বরেই কার্যকর হবে, যা শ্রমিকরা পাবেন জানুয়ারির শুরুতে।
জানা গেছে, তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসেবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে। ওই সময় ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
মজুরি বোর্ডের সদস্যরা আশা করছেন, গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি শ্রমিক-মালিক-সরকার সব পক্ষের মতামতের ভিত্তিতে নির্ধারণ হবে। যা দেশ বিদেশে গ্রহণযোগ্য হবে। এর আগে সব পক্ষের মতামতের ভিত্তিতে গবেষণা, মাঠপর্যায়ের শ্রমিকদের বাস্তবতা, শ্রমিকদের ক্রয়ক্ষমতা, শিল্পের সামর্থ্য অনুযায়ী বিশ্লেষণ সর্বনিম্ন মজুরি কাঠামো সুপারিশ করা হবে।