তুরস্কের আনতালিয়ায় গতকাল সোমবার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। আগামী ২০ নভেম্বর পর্যন্ত ১২ দিনের এ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্য ও স্বাস্থ্যনিরাপত্তা, জ্বালানি রূপান্তর, জলবায়ু অর্থায়ন, পরিবেশ সংরক্ষণ এবং বৈশ্বিক সহযোগিতার নানা বিষয় গুরুত্ব পাবে। সম্মেলনের প্রতিটি দিন নির্দিষ্ট একটি এজেন্ডা কেন্দ্র করে সাজানো হয়েছে। এতে বিশ্বের প্রায় ২০০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, নীতিনির্ধারক, পরিবেশ ও জলবায়ু বিজ্ঞানী, বিশেষজ্ঞ, গবেষক, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমে অংশগ্রহণ করছেন। ইউএনএফসিসিসি জানায়, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার সকাল ১০টায় আনতালিয়া এক্সপো সেন্টারের প্লেনারি আনাদোলুতে উদ্বোধনী অধিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দুই সপ্তাহব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন।
উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল বিশ্বনেতাদের জলবায়ু সংকট মোকাবিলায় প্রতিশ্রুতির বাইরে গিয়ে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কপ৩১-কে কার্যকর সমাধানে এগিয়ে নেওয়ার সম্মেলনে পরিণত করতে হবে। মিথেন নিঃসরণ কমানো এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেন, বিশ্ব যে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা অতিক্রমের পথে, তা এখন স্পষ্ট। তবে এ কারণে জলবায়ু মোকাবিলায় উচ্চাকাক্সক্ষা কমিয়ে দেওয়ার সুযোগ নেই। আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নই এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
ইউনএফসিসিসি জানায়, এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষতি মোকাবিলা, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, মিথেন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে।
এবারের সম্মেলনের অ্যাকশন এজেন্ডায় ২০৩৫ সালের মধ্যে বিদ্যুৎ ব্যবহারের অংশ ২১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও রাখা হয়েছে। পাশাপাশি মিথেন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা শহরগুলোকে আরও সহনশীল করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
গত এক বছরে বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহ, বন্যা ও অন্যান্য চরম আবহাওয়াজনিত দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে আরও স্পষ্ট করেছে। বিজ্ঞানীদের আশঙ্কা বৈশ্বিক উষ্ণতা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সীমা অতিক্রম করতে পারে।
এদিকে এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রম এবং ক্ষতি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক সহায়তা চাইবে বাংলাদেশ। বিশেষ করে ঋণের বোঝা না বাড়িয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অনুদান দেওয়ার ওপর গুরুত্ব প্রদানের আহ্বান জানাবে ঢাকা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু গত ৫ নভেম্বর বাংলাদেশের এসব অগ্রাধিকারের কথা তুলে ধরেছিলেন।
এবার কপ৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে তিনি ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় রাষ্ট্র ও সরকারপ্রধানদের উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেবেন। আজ মঙ্গলবার তার তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থার দৈনন্দিন কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ১১ নভেম্বর দুপুর আড়াইটায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের জাতীয় বক্তব্য দেওয়ার প্রথম পর্ব শুরু হবে। পরবর্তী পর্ব ১২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। প্রকাশিত কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রদানের বিষয়টিও রয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, অনুদানভিত্তিক অর্থায়ন, অভিযোজন এবং ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব দেবেন বলে জানা গেছে।
এদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থার ১২ দিনের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। সম্মেলনের প্রথম দিন গতকাল আলোচনার কেন্দ্রে ছিল খাদ্য, কৃষি ও স্বাস্থ্য। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে তাপপ্রবাহ, খরা, বন্যা ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে খাদ্য উৎপাদন ও মানুষের স্বাস্থ্যঝুঁকির সম্পর্ক গুরুত্ব পেয়েছে।