অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছর কারাদণ্ড

তার বিরুদ্ধে আনা মোট ৭টি অভিযোগের মধ্যে ৪টিতে তিনি দোষী প্রমাণিত হন, যার মধ্যে রয়েছে ১টি ধর্ষণের এবং ৩টি যৌন নিপীড়নের অভিযোগ। বাকি ৩টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ এএম

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। সোমবার (৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক জোয়েল বেনাথান এই সাজা ঘোষণা করেন। সূত্র: বিবিসি।

চার সপ্তাহের বিচার প্রক্রিয়া শেষে ৮ জন পুরুষ ও ৪ জন নারীর সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড রাসেল ব্র্যান্ডকে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে আনা মোট ৭টি অভিযোগের মধ্যে ৪টিতে তিনি দোষী প্রমাণিত হন, যার মধ্যে রয়েছে ১টি ধর্ষণের এবং ৩টি যৌন নিপীড়নের অভিযোগ। বাকি ৩টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে রাসেল ব্র্যান্ড যখন জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, তখন তিনি এই অপরাধগুলো ঘটান।

২০০৯ সালে পশ্চিম লন্ডনে নিজের বাড়িতে ২১ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অপরাধে বিচারক তাকে ৯ বছরের কারাদণ্ড দেন।

২০০৪ সালে লন্ডনের একটি বারে এক নারীর শ্লীলতাহানি, ২০০৪/২০০৫ সালে একটি রেডিও স্টেশনে অপর এক নারীকে যৌন নিপীড়ন এবং ২০০৯ সালে চ্যানেল ফোরের একটি প্রজেক্টে সহকর্মীকে যৌন হেনস্থার জন্য যথাক্রমে ৯ মাস, ১৮ মাস ও ৮ মাসের সাজা নির্ধারণ করা হয়। এই সাজাগুলো সমসাময়িক হিসেবে কার্যকর হবে।

যৌন অপরাধের অভিযোগকারীদের পরিচয় গোপন রাখার আইনি বিধান অনুযায়ী তাদের কারও নাম প্রকাশ করা হয়নি।

২০০৯ সালে ব্র্যান্ডের বাড়িতে ধর্ষণের শিকার নারী তার বক্তব্যে জানান, ঘটনাটির যন্ত্রণা প্রতিদিন তাকে বয়ে বেড়াতে হয়। অনেক সময় মনে হয়, এর কোনো শেষ নেই। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে তার মধ্যে সংশয় তৈরি হয়েছে। নিজের বিচারবুদ্ধির ওপরও আগের মতো আস্থা রাখতে পারেন না। ব্র্যান্ডের খ্যাতির কারণে অভিযোগ জানালে কেউ তাঁকে বিশ্বাস করবে না—এমন আশঙ্কাও ছিল তার।

২০০৪ সালে একটি পানশালায় যৌন নিপীড়নের শিকার নারী আদালতে পর্দার আড়াল থেকে বক্তব্য দেন। তিনি জানান, সেদিন কী করা উচিত ছিল বা কী করতে পারতেন, সেই প্রশ্ন দুই দশকের বেশি সময় ধরে তাকে তাড়া করেছে। পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে ব্র্যান্ডকে দেখে তার শারীরিকভাবে অসুস্থ বোধ হতো।

বেতারকেন্দ্রে যৌন নিপীড়নের শিকার আরেক নারী জানান, ঘটনাটি তার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। টেলিভিশনে ব্র্যান্ডের কণ্ঠ শুনলে কিংবা পর্দায় তার ছবি দেখলে এখনো চমকে ওঠেন তিনি। স্টুডিওতে যৌন নিপীড়নের শিকার নারী বলেন, ঘটনার পর কর্মক্ষেত্রকে আর নিরাপদ মনে হতো না।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, গুরুতর যৌন অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত বন্দিদের সাজার অন্তত দুই-তৃতীয়াংশ (অর্থাৎ প্রায় ৭ বছর) মেয়াদ জেলে কাটাতে হবে। এরপর প্যারোলে মুক্তি পেলেও নির্দিষ্ট নিয়ম ও নজরদারির মধ্যে থাকতে হবে।

৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ড (যিনি মার্কিন পপ গায়িকা কেটি পেরির সাবেক স্বামী) শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন এবং তার দাবি ছিল এই সম্পর্কগুলো পারস্পরিক সম্মতিতে হয়েছিল। 

তবে আদালত ও জুরি বোর্ড সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে একজন "যৌন শিকারী" হিসেবে আখ্যায়িত করেন এবং ভুক্তভোগী নারীদের সাহসিকতার প্রশংসা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত