কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।

কপ৩১ শীর্ষক এবারের এ সম্মেলনের সরকারপ্রধান পর্যায়ের অধিবেশন ১১ ও ১২ নভেম্বর দেশটির ভূমধ্যসাগর তীরবর্তী পর্যটননগর আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে। সরকারি এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সফরকালে ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। এর বাইরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গতকাল সোমবার (৯ নভেম্বর) ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে তুরস্কে জলবায়ু সম্মেলন ও দ্বিপক্ষীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কেও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিবেন্ডের সৌজন্য সাক্ষাতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সাক্ষাতের সম্ভাবনা আছে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচিগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।

পররাষ্ট্র সচিব বলেন, সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন।

তিনি জানান, বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণে অবদান মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ (০.০৫) শতাংশ হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত