ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস) ও কলা ভবনের শ্যাডো এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণটি ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ভবন চত্বরে। ককটেল উপর থেকে পার্কিং করা প্রাইভেট কারের গ্লাসে পড়লে গ্লাস ছিদ্র হয়ে ড্রাইভারের উপর আঘাত করে৷ এতে গাড়িচালক গুরুতর আহত হন। এতে অন্য আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
একই সময়ে কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একটি প্রাইভেট কারের কিছুটা ক্ষতি হলেও কেউ আহত হননি।
আহত গাড়ি চালককে হাসপাতালে নিয়ে আসা ঢাবি শিক্ষার্থী আবরার ফয়সাল রাতুল জানান, দুপুরে বিজনেস ফ্যাকাল্টি ভবনের সামনে গাড়ি পার্কিং করে তার ভিতরে বসে ছিলেন ওই চালক। এ সময় দুর্বৃত্তের ছোড়া একটি ককটেল গাড়ির গ্লাস ভেঙ্গে ভিতরে তার শরীরে লাগে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, প্রাইভেকারটি ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল বিজনেস এর প্রভাষক তাসনিম নাবিলার। তবে ওই শিক্ষক এসময় গাড়িতে ছিলেন না।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ওই গাড়ি চালকের শরীরের বিভিন্ন জায়গায় ককটেলের স্পিলিন্টারবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, এফবিএস এর ঘটনায় একজন আহত হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত শনাক্ত করা হবে।