পাহাড়ে সেনাসদস্য নিহত ও সাজেকের অস্থিতিশীলতায় আতঙ্কের ছায়া: শফিকুর

‘ফ্যাসিবাদের পতন ও জনগণের আত্মত্যাগের পর নতুন করে কোনো অস্থিতিশীলতা বা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন বরদাশত করা হবে না।’

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
দেশের বিভিন্ন স্থানে অব্যাহত নাশকতামূলক কর্মকাণ্ড, স্পর্শকাতর স্থানে হামলা এবং সীমান্ত ও পার্বত্য অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্পষ্ট ব্যাখ্যা ও দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছেন তিনি।

সংসদে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন, ‘সম্প্রতি আর্মি ক্লাবের সীমানা, এসবি সদর দপ্তর, থানা গেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নাশকতা ঘটেছে। পার্বত্য অঞ্চলে ও সীমান্তে সন্ত্রাসী দমনে এক সেনা সদস্যের প্রাণহানি এবং সাজেকের অস্থিতিশীলতা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।’

তিনি অভিযোগ করেন, ‘একাধিক শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও সহিংসতার ঘটনায় কাউকে গ্রেপ্তার বা জবাবদিহিতার আওতায় আনার স্পষ্ট তথ্য নেই।’ উপরন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এই নিষ্ক্রিয়তা নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে বলেও তার অভিযোগ। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদের পতন ও জনগণের আত্মত্যাগের পর নতুন করে কোনো অস্থিতিশীলতা বা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন বরদাশত করা হবে না। সরকারের বিভ্রান্তিকর বক্তব্য এবং গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্বহীনতা পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে।’

তিনি স্পষ্ট জানান, জাতীয় সংকটে সরকার ব্যর্থ হলে বিরোধী দল নীরব থাকবে না। তবে দেশের স্বার্থে সরকার চাইলে কার্যকর সহযোগিতা দিতে তারা প্রস্তুত। অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাস্তব চিত্র জাতির সামনে তুলে ধরা এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সর্বশেষ সর্বাধিক পঠিত