জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচিই বহাল

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচিই বহাল থাকছে। এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি ও শিডিউল এখনো বহাল রয়েছে। আমরা সে অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে পরবর্তী সময়ে তা জানিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘উপাচার্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে। তবে এর মধ্যেও আমাদের স্বাভাবিক কার্যক্রম ও প্রস্তুতি চালিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রথম সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত