বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ হারানোর সাত মাস পর আবারও ক্রিকেট প্রশাসনে যুক্ত হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত হয়ে ক্রিকেটের উন্নয়ন ও খেলোয়াড় তৈরির কাজে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা ভাগাভাগি করতে যাচ্ছেন তিনি।
গতকাল এক সংবাদ বিবৃতির মাধ্যমে বুলবুলকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স। নতুন দায়িত্বে মূলত ফ্র্যাঞ্চাইজিটির হাই পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে কাজ করবেন বিসিবির এই সাবেক সভাপতি। বিশেষ করে প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশ, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় কালান্দার্স।
বুলবুলের নিয়োগের বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়, ‘উপদেষ্টা হিসেবে কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উন্নয়নে ভূমিকা রাখবেন (আমিনুল) ইসলাম। যেখানে খেলোয়াড়দের বিকাশ, কোচিংয়ের কার্যপদ্ধতি এবং তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির ওপর জোর দেবেন তিনি। এই নিয়োগের মাধ্যমে লাহোর কালান্দার্স ক্রিকেটের প্রসারে বাংলাদেশের আঙিনায় তাদের কার্যক্রম বিস্তৃত করতে ইসলামের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় এবং একই সঙ্গে তাদের চলমান ক্রিকেটের উন্নয়ন প্রচেষ্টাকে এগিয়ে নিতে চায়।’
ক্রিকেটের সঙ্গে বুলবুলের সম্পর্ক কেবল খেলোয়াড়ি জীবনে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও বিভিন্ন পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে কাজ করেছেন তিনি। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।