শিরোপার আরও কাছে খুলনা

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ৬ রাউন্ডের লড়াই শেষে শিরোপার আরও কাছে খুলনা বিভাগ। এখন পর্যন্ত অপরাজিত থেকে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। বাকি থাকা শেষ রাউন্ডে অন্তত ড্র করলেই মিলবে কাক্সিক্ষত শিরোপা। এমনকি শেষ ম্যাচে হারলেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকছে খুলনার। সে ক্ষেত্রে শিরোপার আরেক দাবিদার চট্টগ্রাম বিভাগকে বোনাস পয়েন্টসহ জয় পাওয়া থেকে বিরত থাকতে হবে। সবকিছু ঠিক থাকলে রেকর্ড অষ্টমবারের মতো এনসিএলের ট্রফি উঠবে তাদের হাতে।

৬ ম্যাচে ৩টি জয় ও ৩টি ড্রয়ে খুলনার সংগ্রহ ৩১ পয়েন্ট। কোনো ম্যাচ না হেরে ধারাবাহিকতা ধরে রাখার সুবাদেই প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ এগিয়ে তারা। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের সংগ্রহে ২৩ পয়েন্ট। ৬ ম্যাচে ২টি জয়, ১টি হার ও ৩টি ড্র তাদের। শেষ রাউন্ডে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের পাশাপাশি বোনাস পয়েন্টও নিশ্চিত করতে হবে চট্টগ্রামকে। এরপর তাকিয়ে থাকতে হবে খুলনার ম্যাচের ফলের দিকে। খুলনা হারলে এবং চট্টগ্রাম বোনাসসহ জিতলে তাদের পয়েন্ট হবে ৩২, খুলনা ৩১-এ থেকে যাবে। তখন শিরোপা চলে যাবে চট্টগ্রামের কাছে। তবে খুলনা হেরে গেলেও চট্টগ্রাম বোনাস ছাড়া জিতলে দুই দলের পয়েন্ট দাঁড়াবে সমান ৩১। এতে মুখোমুখি দেখায় জয় পাওয়ায় শিরোপা জিতবে খুলনা।

এদিকে সর্বশেষ রাউন্ডে রাজশাহীতে ঢাকা ও খুলনার ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছে। প্রথম ইনিংসে দুই দল সমান ৫১৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ রান তোলে ঢাকা। তাতেই ড্র মেনে নেয় দুই দল। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন খুলনার তাইবুর রহমান ও ঢাকার মোহাম্মদ মিঠুন। তাইবুর ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন, মিঠুন খেলেন ১৮২ রানের ইনিংস।

অন্যদিকে খুলনায় গতকাল সকালে এসএম নিলয়ের বিদায়ে শুরু হয় রংপুরের ধস। এরপর অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে আব্দুল্লাহ আল মামুনের অদ্ভুত আউট, সঙ্গে আলাউদ্দিন বাবুর বিদায়Ñ সব মিলিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে মিম মোসাদ্দেক ও শিহাবের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। দুজনের ১১৪ রানের জুটি ভাঙলেও থামেননি মিম। খেলেন ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস। তবে শেষ বিকেলে নবম উইকেট হারানোর পর ৩১০ রানে থেমে যায় রংপুর। শেষ পর্যন্ত ড্র মেনেই মাঠ ছাড়ে দুই দল।

চট্টগ্রামে বরিশালকে ১০ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ। আগের দিন ৮৪ রানে অপরাজিত থাকা জাওয়াদ আবরার গতকাল চতুর্থ দিনে সেঞ্চুরি পূর্ণ করেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করে ১০৮ রান করে ফেরেন তিনি। আবদুল্লাহ সিফাতের ৫২ রানও বরিশালকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি। ২৫৬ রানে অলআউট হলে ময়মনসিংহের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৭ রান। কোনো উইকেট না হারিয়েই সেই রান তুলে নেয় তারা। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন আবু হায়দার রনি।

আরেক ম্যাচে বগুড়ায় রাজশাহীকে ২৩৪ রানে হারায় সিলেট। দ্বিতীয় ইনিংসে মেহেরাব হাসানের ৯১ রানের লড়াকু ইনিংসও রাজশাহীকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি। ২২৮ রানে অলআউট হয় তারা। সিলেটের হয়ে নাসুম আহমেদ ৭২ রান দিয়ে ৫ উইকেট নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত