বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন রিস-জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা নিয়ে এসেছে। তার রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।
যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ডাচেস অব এডিনবার্গ তার তিন দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের কথাও উল্লেখ করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা।
অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি