মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মীরনগর এলাকায় আকিজ গ্লাস ফ্যাক্টরির সামনে এ দূর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের একটি মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক মোহাম্মদ রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার সন্তোষ সাব্দাকরের ছেলে।

দূর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে ভোররাতে মারা যান তিনি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দূর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে। দূর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত