মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে দুটি কাভার্ডভ্যান থেকে ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেন (২৮) ও নাজমুল হোসেন (৩২)। সাজ্জাদ সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। নাজমুল সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এসআরবি-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি দল গতকাল মঙ্গলবার রাত ৪টার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদেনীমণ্ডল এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় পদ্মা সেতু পার হয়ে আসা দুটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ৩৫৩টি ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭টি কাশ্মীরি শাল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

তপন সরকার আরও জানান, বেনাপোল থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় পণ্য আনা হচ্ছিল। উদ্ধার করা পণ্যসহ গ্রেপ্তার দুজনকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত