নাশকতা মামলায় যুবলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

নাশকতা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ ও আওয়ামী মৎস্যজীবী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১১ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার জোনাইল পক্ষীমারি এলাকার নিজ বাড়ি থেকে মামুনুর রশীদ মামুনকে (৩২) গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। তিনি ওই এলাকার লাল মিয়ার ছেলে। মামুন মাদারগঞ্জ শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নাশকতা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, বুধবার বিকেল ৩টার দিকে মাদারগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চাঁদপুর এলাকার নিজ বাড়ি থেকে হাসান মাহমুদকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আলাউদ্দিন মণ্ডলের ছেলে। হাসান মাদারগঞ্জ শহর আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি।

পুলিশ জানিয়েছে, হাসান মাহমুদকেও নাশকতা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে দুজনকে জামালপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত