চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় যত্রতত্র ট্রাক পার্কিং নিয়ে উদ্বেগ বাড়ছে। ব্যস্ত মহাসড়কের ওপর দীর্ঘ সময় ধরে ভারী যানবাহন দাঁড় করিয়ে রাখায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে অন্যান্য যানবাহনকে। বিশেষ করে রাতের অন্ধকারে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক দূর থেকে চালকদের চোখে পড়ে না। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। সম্প্রতি পার্কিং করে রাখা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী।
স্থানীয়দের অভিযোগ, নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় দীর্ঘদিন ধরে মহাসড়কের ওপর ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন পার্কিং করে রাখা হচ্ছে। এতে সড়কের একটি অংশ দখল হয়ে যাচ্ছে। ফলে একই সড়কে চলাচলকারী বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের প্রতিনিয়ত বাড়তি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলোকসজ্জা ও সতর্কতামূলক সংকেত না থাকায় পার্কিং করা ট্রাকগুলো আরও বিপজ্জনক হয়ে উঠছে।
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক উত্তর চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। এমন ব্যস্ত সড়কে দীর্ঘ সময় ভারী যানবাহন দাঁড় করিয়ে রাখায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি পেছন থেকে ধাক্কাসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
মহাসড়কের ওপর এভাবে ট্রাক পার্কিংয়ের সুযোগ কীভাবে তৈরি হচ্ছে এবং এসব যানবাহন সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেই কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধে নিয়মিত নজরদারি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অভিযান পরিচালনা করতে হবে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মহাসড়কের ওপর ট্রাকগুলো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। এতে অন্য যানবাহনকে ঝুঁকি নিয়ে পাশ কাটিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে রাতে সামনে হঠাৎ ট্রাক পড়ে গেলে দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়ে। উজ্জ্বল শীলের মৃত্যুর পরও যদি এসব ট্রাকের পার্কিং বন্ধ না হয়, তাহলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে মহাসড়কটি নিরাপদ করুক।’
সড়কে পার্কিং করা ট্রাকের ঝুঁকির বিষয়টি এবার প্রাণহানির ঘটনায় সামনে এসেছে। গত ৯ নভেম্বর রাতে নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় মহাসড়কের ওপর পার্কিং করে রাখা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ফকিরহাট বাজারের ব্যবসায়ী উজ্জ্বল শীল। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
উজ্জ্বল শীলের মৃত্যুর পর মহাসড়কে যত্রতত্র ট্রাক পার্কিং বন্ধের দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের দুর্ঘটনায় আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামশুজ্জান বলেন, ‘এই থানায় আমি নতুন যোগদান করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’