নোয়াখালী: ৭ বছরের শিশুকে হত্যা বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মহতাপুর গ্রামে ১ম শ্রেণীর মাদ্রাসাছাত্রী মাইসা ইলহান নুহাকে (৭) নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বুধবার (১১ নভেম্বর) বিকেলে ছয়ানী উন্নয়ন ফোরামের আয়োজনে জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী স্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে সাত বছরের একটি শিশুকে হত্যা করা হলেও এবং হত্যার দুই দিন পার হলেও এখন পর্যন্ত প্রশাসন হত্যার কোন রহস্য উদঘাটন করতে পারেনি। এখন পর্যন্ত হত্যাকান্ডে জড়িত কাউকে আটক করা হয়নি। এতে স্থানীয়দের মাঝে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে শিশু নুহা হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। 

মানববন্ধনে ছয়ানী উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা আব্দুর রহিম, ছয়ানী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ আবু ছায়েদ,খলিফার হামেদিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসাইন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ৯ নভেম্বর বিকেলে সদর উপজেলার মহতাপুর গ্রামে একটি নির্মানাধীন ঘরের পাশ থেকে ১ম শ্রেণীর মাদ্রাসাছাত্রী মাইসা ইলহান নুহার মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত