সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে মালয়েশিয়ার ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার’-এ চিকিৎসকের নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা হায়দার আলী। এছাড়াও তিনি বাবরের পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়েছেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপি এই বর্ষীয়ান নেতা।
লুৎফুজ্জামান বাবরের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ কারাবাসের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা হায়দার আলী জানান, কারামুক্তির পর থেকে লুৎফুজ্জামান বাবর তীব্র পিঠের ব্যথা ও মেরুদণ্ডের জটিলতা ছাড়াও শ্বাসকষ্ট এবং কিডনি জনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। মেরুদণ্ডের জটিলতা বৃদ্ধির কারণেই তাকে জরুরি ভিত্তিতে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকদের পূর্বঘোষিত সিডিউল অনুযায়ী বুধবার তার মেরুদণ্ডে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে গত রবিবার (৮ নভেম্বর) তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন।
এদিকে বাবরের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নেত্রকোনার মদনে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বাদ আছর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় শাহী মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা, মসজিদের সাধারণ মুসল্লি ও সর্বস্তরের জনগণ অংশ নেন।
দোয়া মাহফিলে মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে লুৎফুজ্জামান বাবরের অস্ত্রোপচার পরবর্তী দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। একই সাথে উপস্থিত নেতৃবৃন্দ সর্বস্তরের দেশবাসীকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।