জব্দ করা বোট ফের সাগরে, নৌ পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় নৌ পুলিশের এক কর্মকর্তার অপসারণ এবং অবৈধ কাঠের ট্রলিং বোট দিয়ে মাছ শিকার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপকূলীয় জেলে ও স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১১ নভেম্বর) বিকাল ৫টায় ‘সেভ দ্য বে অব বেঙ্গল’ ও উপকূলীয় জেলে সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিলটি কুয়াকাটার মাছবাজার থেকে শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। এতে সেভ দ্য বে অব বেঙ্গলের নেতাকর্মী, মহিপুর মৎস্যজীবী দলের নেতৃবৃন্দসহ মহিপুর, আলীপুর ও কুয়াকাটা উপকূলের শতাধিক জেলে অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৫ নভেম্বর কোস্টগার্ডের নিজামপুর স্টেশন অভিযান চালিয়ে আবুল হোসেন কাজীর মালিকানাধীন ‘এফবি এলমা-৪’ নামের একটি আর্টিসানাল ট্রলিং বোট এবং চট্টগ্রামের সুরেন্দ্র কুমার দারের মালিকানাধীন ‘এফবি মেঘনা-০৫’ নামের আরেকটি বোট জব্দ করে। পরবর্তী সময়ে বোট দুটি কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামানের জিম্মায় রাখা  হয়।তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জব্দ করা ট্রলিং বোট মাছ শিকারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

অভিযোগ অস্বীকার করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, 'ঘুষের যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমার কাছে রাখা জব্দ করা ট্রলিং বোটটি আলীপুরের আড়তদার মোস্তফা খলিফার জিম্মায় দেওয়া হয়েছে। এরপর কী হয়েছে, তা আমি জানি না।'

এ বিষয়ে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন, 'ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে জেনেছি। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

সর্বশেষ সর্বাধিক পঠিত