 পল্লী বিদ্যুতে ইন্দ্রজাল

কর্তৃপক্ষের দায় এড়ানোর অবকাশ নেই 

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম

১০ নভেম্বর ‘খুঁটি বসে, মিটারও বসে কিন্তু জানে না কর্র্তৃপক্ষ’ শিরোনামে দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনে নাটোরের বাগাতিপাড়া এলাকার পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে প্রতারকদের কারসাজির যে চিত্র উঠে এসেছে তাতে প্রতীয়মান হয়, ওই এলাকার বিদ্যুৎ সমিতি ঘিরে সৃষ্টি হয়েছে এক ইন্দ্রজালের। প্রতিবেদনে বলা হয়েছে খুঁটি বসে, বিদ্যুতের লাইন টানা হয়, মিটারও স্থাপন করা হয়, কিন্তু এসবের কিছুই জানে না কর্র্তৃপক্ষ। অথচ বিদ্যুৎ সংযোগের আশায় কেউ দিয়েছেন সাড়ে ৭ হাজার টাকা, কেউ বা ৩৫ হাজার টাকা। অভিযোগ, টাকা দিয়েও মেলেনি বৈধ সংযোগের নিশ্চয়তা। কোথাও অবৈধভাবে মিটার ও বিদ্যুতের খুঁটি স্থাপন, আবার কোথাও বিদ্যুৎ বিলের কপি না দিয়েই বিল পরিশোধের জন্য চাপ সৃষ্টি, আবার কোথাও অবৈধ মিটারে গ্রাহকের নামে বিদ্যুৎ বিল করে চাপ দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিল আদায়ের অভিযোগ উঠেছে।

১১ নভেম্বর দেশ রূপান্তরেই ভুক্তভোগীদের বরাতে আরও বলা হয়েছে, একইভাবে পৌরসভার লক্ষণহাটি এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপনের কথা বলে হাজার হাজার টাকা নিয়ে অবৈধভাবে মিটার সংযোগ দেওয়া ও বিল ছাড়াই জরিমানাসহ বিপুল টাকা দাবির অভিযোগ উঠেছে। বিলের কপি না দিয়েও বিল পরিশোধের চাপ, থানা-পুলিশের ভয়ভীতি প্রদর্শন এবং সাদা কাগজে টাকা দাবির অভিযোগও উঠেছে। এ ব্যাপারে দেশ রূপান্তরের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের এজিএম বলেছেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। আমরা চাই, অপরাধীরা শাস্তি পাক।’ পাশাপাশি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম বলেছেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাগুলো তদন্ত করছে। তদন্তে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সংশ্লিষ্ট দায়িত্বশীল এই দুজনের প্রতিক্রিয়া আপাতদৃষ্টিতে সাধুবাদের হলেও সমান্তরালে কিছু প্রশ্নেরও জন্ম দিয়েছে। তাদের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে আমাদের প্রশ্ন, যা দৃশ্যমান তা শনাক্ত করে তদন্ত কমিটির প্রতিবেদন দিতে কত সময়ক্ষেপণ হবে? যখন বিদ্যুতের খুঁটি বসল, তার টানা হলো তখন তারা কি করছিলেন? যেখানে খুঁটি ও তারের অস্তিত্ব লোকচক্ষুর অন্তরালে নয়, সেখানে তো কোনো অজুহাত দাঁড় করানোরই অবকাশ নেই। নাটোরের বাগাতিপাড়া কিংবা এর পার্শ্ববর্তী এলাকার ঘটনাটি যদি খণ্ডিত নজির হিসাবেও দেখা হয়, দুঃখজনক হলেও সত্য, দেশের আরও অনেক এলাকায় পল্লী বিদ্যুৎ নিয়ে গ্রাহকের রয়েছে অনিয়ম-দুর্নীতির অন্তহীন অভিযোগ। সেবার মান তো বহুলাংশেই আরও প্রশ্নবিদ্ধ। আমরা জানি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের আওতায় পরিচালিত একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা, যে সংস্থাটির দায়িত্ব হলো দেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। বিআরইবি দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে এই কাজটি পরিচালনা করে। উল্লেখ্য, পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্র্তৃক নিবন্ধিত এবং সেবাধর্মী প্রতিষ্ঠান। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৭৭ (১৯৭৭-এর অধ্যাদেশ নং ৫১) জারি করেন ও অধ্যাদেশ অনুসারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৮ সালে এটির কার্যক্রম শুরু হয়। ২০১৩ সালে অধ্যাদেশটি রহিত করা হয় ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩ জারি করা হয়। প্রতিষ্ঠানটির জন্মের প্রায় চার যুগের খতিয়ান পর্যালোচনাক্রমে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো জনসেবার পথ কতটা কুসুমাস্তীর্ণ করতে পেরেছে এ প্রশ্নও সামনে আসে।

নাটোরের বাগাতিপাড়া ও এর আশপাশে বিদ্যুৎ সংযোগের নামে যারা চালিয়েছে তুঘলকিকাণ্ড তাদের খুঁটির জোর কতটা তা ঘটে যাওয়া ঘটনায় ধারণা করা কঠিন নয়। সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের অসাধুদের সঙ্গে যোগসাজশ ভিন্ন এমন অপতৎপরতা চালানোর অবকাশ কতটা থাকে, এ নিয়েও স্বাভাবিক কারণেই প্রশ্ন উত্থাপিত হয়। নাটোরের বাগাতিপাড়ায় যে ঘটনা ঘটেছে দ্রুত এর দৃষ্টান্তযোগ্য প্রতিবিধান হোক। অনাচার-কদাচারের যদি যথাযথ বিহিত না হয়, তাহলে সমাজে বিশৃঙ্খলা, নৈতিক অবক্ষয়ের ঢেউ আছড়ে পড়ে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে হবে। পল্লী বিদ্যুৎ কর্র্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে পারে না।     

সর্বশেষ সর্বাধিক পঠিত