বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে ২০৩৫ সাল নাগাদ বছরে দেড়শ কোটি টনের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো সম্ভব। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নতুন এক বিশেষ প্রতিবেদনে এ সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর তৃতীয় দিন বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় প্রতিবেদনটি প্রকাশ করা হয়। কপ৩১-এর বর্জ্যশূন্য বিশ্ব (জিরো ওয়েস্ট) কর্মসূচির অংশ হিসেবে এটি প্রকাশ করা হয়।
সিনার্জিস বিটুইন ওয়েস্ট রিডাকশন, রিসোর্স এফিশিয়েন্সি অ্যান্ড এনার্জি সিস্টেমস ডিকার্বনাইজেশন’ শীর্ষক প্রতিবেদনটি কপ৩১ প্রেসিডেন্সির অনুরোধে তৈরি করেছে আইইএ। এতে বর্জ্য উৎপাদন কমানো, সম্পদের দক্ষ ব্যবহার, পুনর্ব্যবহার এবং অবশিষ্ট জৈব বর্জ্য থেকে টেকসই জ্বালানি উৎপাদনের মাধ্যমে ২০৩৫ সাল নাগাদ বছরে ১ দশমিক ৫ বিলিয়ন টনের বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে। তবে এটি সম্ভাব্য নিঃসরণ হ্রাসের হিসাব, কোনো আন্তর্জাতিকভাবে গৃহীত সিদ্ধান্ত নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রতিবছর প্রায় ২৬০ কোটি টন পৌর বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্যের সংগ্রহ, প্রক্রিয়াকরণ, নিষ্পত্তি ও পুড়িয়ে ফেলার কারণে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় ৪ শতাংশ ঘটে। একই সঙ্গে মানবসৃষ্ট মিথেন নিঃসরণের প্রায় এক-পঞ্চমাংশের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা জড়িত। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শক্তিশালী গ্রিনহাউস গ্যাসগুলোর একটি হলো মিথেন।
প্রতিবেদনে নিঃসরণ কমানোর জন্য তিনটি প্রধান ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। প্রথমত হচ্ছে- পণ্যের নকশা ও উৎপাদনব্যবস্থায় পরিবর্তন এনে বর্জ্য উৎপাদন প্রতিরোধ এবং কাঁচামালের দক্ষ ব্যবহার নিশ্চিত করা। দ্বিতীয়ত, বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনর্ব্যবহার বাড়িয়ে মূল্যবান সম্পদ পুনরুদ্ধার করা। তৃতীয়ত, পুনর্ব্যবহারের অনুপযোগী অবশিষ্ট জৈব বর্জ্য থেকে পরিবেশসম্মত উপায়ে জ্বালানি উৎপাদন করা।
আইইএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে প্লাস্টিক পুনর্ব্যবহারের পরিমাণ দ্বিগুণ করা এবং বায়োগ্যাস উৎপাদন চারগুণ বাড়ানো সম্ভব। পাশাপাশি ইস্পাত ও সিমেন্টের মতো অধিক জ্বালানি ব্যবহারকারী শিল্পের কাঁচামালের চাহিদা কমানো যাবে। এতে উৎপাদনব্যবস্থার ওপর চাপ কমার পাশাপাশি জ্বালানি ব্যবহার ও কার্বন নিঃসরণও হ্রাস পাবে।
আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেছেন, উৎপাদন, ভোগ ও সম্পদ ব্যবহারের ধরন শুধু বর্জ্য উৎপাদনকেই প্রভাবিত করে না, এর সঙ্গে জ্বালানি ব্যবস্থা ও অর্থনীতিরও গভীর সম্পর্ক রয়েছে। সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠান সমন্বিত উদ্যোগ নিলে সম্পদের অপচয় কমিয়ে অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিঃসরণ হ্রাস করা সম্ভব।
তবে এসব সম্ভাবনা বাস্তবায়নে সরকার ও বেসরকারি খাতের নীতিগত পরিবর্তন, বিনিয়োগ এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবহার অবকাঠামো, দক্ষ জনবল তৈরি এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
কপ৩১ প্রেসিডেন্সি এবারের সম্মেলনে বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার অন্যতম অগ্রাধিকার হিসেবে নিয়েছে। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বার্ষিক পৌর কঠিন বর্জ্য উৎপাদনের সম্ভাব্য বৃদ্ধি অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বর্জ্য উৎপাদন বৃদ্ধির যে পূর্বাভাস রয়েছে, তা অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বর্তমান মোট বর্জ্য উৎপাদন অর্ধেকে নামানোর লক্ষ্য নয়।
কপ৩১ প্রেসিডেন্সির তথ্য অনুযায়ী, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বে বর্জ্য উৎপাদন ৫০ শতাংশ বাড়তে পারে। একই সঙ্গে বর্জ্য খাত মানবসৃষ্ট মিথেন নিঃসরণের তৃতীয় বৃহত্তম উৎস। এ কারণে বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক। এ লক্ষ্য বাস্তবায়নে খাদ্য অপচয় রোধ, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়ানো এবং উৎপাদন থেকে ভোগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সম্পদের অপচয় বন্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কপ৩১ প্রেসিডেন্সির কর্মপরিকল্পনায় বর্জ্য খাতের মিথেন নিঃসরণ কমানোর বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। এ জন্য দেশগুলোকে জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু অঙ্গীকার (এনডিসি) হালনাগাদের সময় বর্জ্য খাতের মিথেন নিয়ন্ত্রণে পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করা হচ্ছে।
বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগ
সম্মেলনের তৃতীয় দিনে বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের আলোচনা ও কর্মসূচি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বর্জ্য খাতের মিথেন নিঃসরণ কমাতে বৈশ্বিক সংলাপ এবং বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য ‘সার্কুলারিটি নলেজ শেয়ারিং নেটওয়ার্ক’ চালুর উদ্যোগ।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উদ্যোগে আয়োজিত আলোচনায় তুরস্ক, চীন ও তিউনিসিয়ার বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরার কর্মসূচি রয়েছে। কৃষি ও পর্যটন খাতের জৈব বর্জ্য ব্যবহার, শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বর্জ্য ও সম্পদের পুনর্ব্যবহার এবং সমন্বিত পৌর বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, নীতিমালা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আজ বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়নবিষয়ক কার্যালয়ের (ইউএনওএসডি) আয়োজনে ‘ফ্রম ওয়েস্ট ডেটা টু ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক আলোচনায় বর্জ্যের পরিমাণ, উৎপত্তিস্থল, সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারের নির্ভরযোগ্য তথ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এসব তথ্যের ঘাটতি থাকলে কার্যকর নীতিমালা প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।
বিশ্বনেতাদের বৈঠকে জিরো ওয়েস্ট ও মিথেন
এদিকে, বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশ্বনেতাদের জলবায়ু সম্মেলন ‘আন্তালিয়া লিডার্স সামিট’। ১১ ও ১২ নভেম্বরের এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।
‘জিরো ওয়েস্ট, সার্কুলারিটি অ্যান্ড মিথেন’ শীর্ষক বিশেষ গোলটেবিল বৈঠক হয়েছে।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনে উচ্চপর্যায়ের “জিরো ওয়েস্ট, সার্কুলারিটি এবং মিথেন” শীর্ষক লিডার্স রাউন্ডটেবল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত তুরস্কের ফার্স্ট লেডি মহামান্য এমিনে এরদোয়ানের সভাপতিত্বে এবং বিশ্বনেতাদের অংশগ্রহণে বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও গ্রিনহাউস গ্যাস হ্রাসের ওপর জোরালো তাগিদ দেওয়া হয়েছে।
বৈঠকে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে যেভাবে বর্জ্য উৎপাদন ও ব্যবহার করা হচ্ছে, তা জলবায়ু, প্রকৃতি এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে ল্যান্ডফিল ও খোলা স্থানে বর্জ্য পোড়ানোর ফলে সৃষ্ট মিথেন গ্যাস বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। এই পরিস্থিতি মোকাবিলায় অঙ্গীকার থেকে সরে এসে এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
বৈঠকের মূল লক্ষ্য ও প্রস্তাবনা হলো- ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী উৎপাদিত পৌর কঠিন বর্জ্যের প্রাক্কলিত বৃদ্ধি অন্তত অর্ধেকে নামিয়ে আনা। উৎপাদন ও ম্যানুফ্যাকচারিংয়ে বৃত্তাকার উপাদানের ব্যবহারের হার কমপক্ষে ১৫%-এ উন্নীত করা। ল্যান্ডফিল ও বর্জ্য খাত থেকে মিথেন গ্যাস নির্গমন রোধ, খাদ্য অপচয় কমানো এবং কার্যকর পুনর্ব্যবহার নিশ্চিত করতে নীতিমালা জোরদার করা।
বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর বক্তব্যে বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মান উন্নত করে এবং বৃত্তাকার অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে কেবল পরিবেশ সুরক্ষা নয়, বরং বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
তুরস্কের জলবায়ু কূটনীতি ও বৈশ্বিক জিরো ওয়েস্ট উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই বর্জ্য অবকাঠামো ও পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে বিশ্বনেতারা একযোগে কাজ করার আহ্বান জানান।
একইদিন স্বাস্থ্য খাতের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার সম্পর্ক নিয়েও আলোচনা নির্ধারিত রয়েছে। ‘ওয়ান হেলথ’ ধারণার আলোকে বর্জ্য দূষণ, পরিবেশ ও জনস্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক এবং নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরার কথা রয়েছে।
কপ৩১-এর জিরো ওয়েস্ট কর্মসূচি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। দেশের বড় শহরগুলোতে দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বর্জ্য উৎপাদন বাড়ছে। কিন্তু বর্জ্য সংগ্রহ, উৎস পর্যায়ে পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং বৈজ্ঞানিক উপায়ে নিষ্পত্তির ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়। বিশেষ করে প্লাস্টিক ও জৈব বর্জ্যের অপরিকল্পিত ব্যবস্থাপনা পরিবেশদূষণ এবং জনস্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
বর্জ্য থেকে মিথেন নিঃসরণ কমাতে আধুনিক পৌর বর্জ্য ব্যবস্থাপনা, জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন, খাদ্য অপচয় রোধ এবং পুনর্ব্যবহারযোগ্য শিল্পের সম্প্রসারণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।
এ ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়ন, উন্নত প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা প্রয়োজন। উন্নয়নশীল দেশগুলোর জন্য এসব সহযোগিতা নিশ্চিত করা গেলে বর্জ্য ব্যবস্থাপনাকে পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও কাজে লাগানো সম্ভব।
বিশ্বব্যাপী বর্জ্য উৎপাদন বৃদ্ধির প্রবণতা নিয়ন্ত্রণ এবং জলবায়ু নিঃসরণ কমাতে কপ৩১-এর জিরো ওয়েস্ট কর্মসূচি কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রয়েছে। বিশেষ করে ২০৩৫ সালের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশগুলো কী ধরনের অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা ও পরিমাপযোগ্য অঙ্গীকার গ্রহণ করে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।