ন্যায্য মজুরি ও ইসলামের নির্দেশনা

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম

শ্রমিকের ঘামে সচল থাকে শিল্পপ্রতিষ্ঠান ও কারখানা। তাদের শ্রমে উৎপাদন হয়, ব্যবসা চলে, মালিকের মুনাফা বাড়ে। অথচ সেই শ্রমের যথাযথ মূল্য দিতে অনেক মালিকের অনীহা দেখা যায়। কেউ পাওনা আটকে রাখেন, আবার কেউ কাজের তুলনায় অপ্রতুল মজুরি দিয়ে দায়িত্ব শেষ মনে করেন। একজন শ্রমিক দিনের পর দিন পরিশ্রম করেও যখন নিজের ও পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারেন না, তখন তার জীবনে তৈরি হয় অনিশ্চয়তা ও অসহায়ত্ব।

বাংলাদেশের বর্তমান বাস্তবতায় শ্রমিকের ন্যায্য মজুরির প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতের ব্যয় বেড়েছে। কিন্তু অনেক শ্রমিকের আয় সেই অনুপাতে বাড়েনি। এ অবস্থায় শ্রমিকের পাওনা আটকে রাখা, অযৌক্তিকভাবে মজুরি কম দেওয়া কিংবা তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা কতটা ন্যায়সংগত? ইসলাম এ বিষয়ে কী নির্দেশনা দিয়েছে এবং কেয়ামতের দিন এজন্য মালিকদের কী জবাবদিহি করতে হবে তা জানা জরুরি।

এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত কঠোর সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, মহান আল্লাহ কেয়ামতের দিন তিন শ্রেণির মানুষের বিরুদ্ধে বাদী হবেন। তাদের একজন হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি কোনো শ্রমিককে কাজে নিয়োগ করে তার কাছ থেকে পুরো কাজ আদায় করে, কিন্তু তার মজুরি পরিশোধ করে না। (সহিহ বুখারি ২২২৭)

ন্যায্য মজুরি নির্ধারণের ক্ষেত্রে কাজের ধরন, কর্মঘণ্টা, শ্রমের পরিমাণ, দক্ষতা, অভিজ্ঞতা, দায়িত্ব এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করা জরুরি। একজন শ্রমিকের বেতন এমন হওয়া উচিত, যাতে তিনি নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে পারেন।

মজুরি নির্ধারণের সময় শুধু মালিকের মুনাফা কিংবা প্রতিষ্ঠানের সুবিধা বিবেচনা করলে চলবে না। শ্রমিকের শ্রমের মূল্য ও তার পরিবারের বাস্তব প্রয়োজনও গুরুত্ব পেতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও উৎপাদনব্যবস্থার বাস্তবতাও বিবেচনায় নেওয়া দরকার। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ে ক্ষতিগ্রস্ত করবে না।’ (সুরা আরাফ ৮৫)

লেখক : ধর্মীয় নিবন্ধকার

সর্বশেষ সর্বাধিক পঠিত