স্মার্টফোন নীরব মহামারী

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম

মানুষের সম্মান ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিমের সম্পদ যেমন অন্যায়ভাবে ভোগ করা নিষিদ্ধ, তেমনি তার অনুপস্থিতিতে এমন কথা বলাও নিষিদ্ধ, যা শুনলে সে কষ্ট পায়। অথচ আমাদের দৈনন্দিন জীবনে এমন একটি গুনাহ খুব সহজেই ঢুকে পড়েছে, যাকে আমরা অনেক সময় গুনাহ বলেই মনে করি না, তা হলো গিবত। আরও উদ্বেগের বিষয় হলো, প্রযুক্তির সঙ্গে সঙ্গে গিবতের পরিধিও বেড়েছে। আগে যা কয়েকজনের আড্ডায় সীমাবদ্ধ থাকত, এখন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, কমেন্ট বা শেয়ারের মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ছে হাজারো মানুষের কাছে।

মহান আল্লাহ গিবতকে কতটা ঘৃণ্য করেছেন, তা বুঝতে কোরআনের একটি আয়াতই যথেষ্ট। তিনি বলেন, ‘তোমরা একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো তা ঘৃণাই করো।’ (সুরা হুজুরাত ১২)

সাহাবায়ে কেরাম গিবত সম্পর্কে জানতে চাইলে রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে। সাহাবিরা বললেন, তা যদি তার মধ্যে সত্যিই থাকে? তিনি বললেন, তুমি যা বলছ তা যদি তার মধ্যে থাকে, তাহলেই তুমি তার গিবত করলে। আর যদি তা তার মধ্যে না থাকে, তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। (সহিহ মুসলিম ২৫৮৯)

গিবত করার জন্য এখন আর চায়ের দোকানের আড্ডার প্রয়োজন নেই। হাতে থাকা স্মার্টফোনই যথেষ্ট। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা বিভিন্ন গ্রুপে আমরা অনেক সময় এমন কিছু করছি, যা গিবতের পর্যায়ে পড়ে। যেমন কোনো বন্ধু ফেসবুকে ছবি দিল। কমেন্টে কেউ লিখল, ‘ওকে, ভালো দেখাচ্ছে, কিন্তু আসলে মানুষটা এমন না।’

আবার কারও সঙ্গে ব্যক্তিগত চ্যাটে মনোমালিন্য হলো। পরে সেই মেসেজের স্ক্রিনশট বন্ধুদের গ্রুপে দিয়ে বলা হলো, ‘দেখো, মানুষটা কেমন!’ বিষয়টি কয়েকজনের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু মুহূর্তেই অনেকের কাছে পৌঁছে গেল।

আমরা হয়তো এটিকে ‘মজা’ বলছি, কিন্তু যার দুর্বলতা নিয়ে হাসাহাসি করা হচ্ছে, তার কাছে বিষয়টি কতটা অপমানজনক, তা কি একবারও ভাবছি?

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুসলিম সে, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ।’ (সহিহ বুখারি ১০)

আমাদের লেখা, কমেন্ট, পোস্ট ও শেয়ার মানুষের ক্ষতির কারণ হতে পারে। তাই মুমিনের যেমন জিহ্বা সংযত রাখা জরুরি, তেমনি আঙুল সংযত রাখাও জরুরি।

ইসলাম মানুষের জীবন, সম্পদ ও সম্মানকে নিরাপদ রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান হারাম।’ (সহিহ মুসলিম)

লেখক : শিক্ষার্থী, জামিয়া মাহমুদিয়া হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ

সর্বশেষ সর্বাধিক পঠিত