সব বান্দার প্রতি মহান আল্লাহর রহমত অসীম। তিনি তাদের জন্য সওয়াব অর্জনের বহু দরজা খুলে দিয়েছেন এবং কল্যাণের পথগুলো সহজ করে দিয়েছেন। নেক নিয়তকে তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ করেছেন। নবীজি (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল। আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে।’ (সহিহ বুখারি)
সুতরাং বিশুদ্ধ নিয়তের কারণে মানুষ একটি কাজের বিনিময়ে বহুগুণ সওয়াব লাভ করতে পারে। এমনকি বৈধ ও সাধারণ কোনো অভ্যাসও নেক নিয়তের কারণে বড় ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হয়ে যায়। কত সামান্য কাজ ভালো নিয়তের কারণে মহান প্রতিদানে পরিণত হয়! আবার কত বড় কাজ নিয়তের ত্রুটির কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়! এমনকি কোনো ব্যক্তি তার বিশুদ্ধ নিয়ত এবং আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশার কারণে এমন কাজেরও প্রতিদান পেতে পারে, যা সে বাস্তবে করতে পারেনি।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো বান্দা অসুস্থ হলে অথবা সফরে গেলে সে সুস্থ ও বাড়িতে অবস্থানকালে যে আমল করত, তার জন্য সেই আমলের সমপরিমাণ সওয়াব লেখা হয়।’ (সহিহ বুখারি)
ইমানদার ভাইয়েরা! সহিহ নিয়তের মাধ্যমে আমলের প্রতিদানের আশায় আমরা সেই মহান উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি, যার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।’ (সুরা জারিয়াত ৫৬)
ইবাদত কি কেবল নামাজ, রোজা, হজ ও জাকাতের মতো প্রকাশ্য আমলের মধ্যে সীমাবদ্ধ? না, বরং একজন মুসলিমের পুরো জীবনই ইবাদতে পরিণত হতে পারে, যদি তার কথা ও কাজের উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন। মহান আল্লাহ বলেন, ‘বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। তার কোনো শরিক নেই। আমাকে এ নির্দেশই দেওয়া হয়েছে এবং আমি আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম।’ (সুরা আনআম ১৬২-১৬৩)
রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিরা আমলের ক্ষেত্রে সওয়াবের প্রত্যাশা করার গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করেছিলেন। সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে, মুয়াজ (রা.) একবার আবু মুসা আশআরি (রা.)-কে জিজ্ঞাসা করলেন, ‘আপনি কীভাবে কোরআন তেলাওয়াত করেন?’ তিনি বললেন, ‘দাঁড়িয়ে, বসে এবং আমার বাহনে আরোহণ করা অবস্থায়।’
তখন মুয়াজ (রা.) বললেন, ‘আমি তো ঘুমাই এবং রাতে ইবাদতের জন্য জাগ্রত হই। আমি আমার ঘুমের মধ্যেও সওয়াবের প্রত্যাশা করি, যেমনিভাবে আমার জাগরণের মধ্যেও সওয়াবের প্রত্যাশা করি।’ অর্থাৎ তিনি ঘুমানোর মাধ্যমে রাতে ইবাদত করার শক্তি অর্জনের নিয়ত করতেন। তাই তার ঘুমও সওয়াবের কাজে পরিণত হতো।
এভাবেই রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিরা জীবনযাপন করতেন। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের প্রিয় সম্পদও ব্যয় করতেন।
সওয়াবের প্রত্যাশা করে কাজ করার অন্যতম বড় দৃষ্টান্ত হলো, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দেওয়া এবং প্রতিদানের প্রত্যাশা ছাড়াই মানুষের উপকার করা।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে বলল, ‘আমি প্রচণ্ড ক্ষুধা ও কষ্টের মধ্যে রয়েছি।’ তখন রাসুলুল্লাহ (সা.) তার স্ত্রীদের কাছে লোক পাঠালেন। তারা সবাই বললেন, ‘যাকে সত্যসহ পাঠানো হয়েছে, তার শপথ! আমাদের কাছে পানি ছাড়া আর কিছুই নেই।’ তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘আজ রাতে কে এই ব্যক্তিকে মেহমান হিসেবে গ্রহণ করবে? আল্লাহ তার প্রতি রহম করুন।’
এক আনসারি সাহাবি দাঁড়িয়ে বললেন, ‘হে আল্লাহর রাসুল! আমি তাকে মেহমান হিসেবে গ্রহণ করব।’ এরপর তিনি লোকটিকে নিয়ে নিজের বাড়িতে গেলেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার কাছে কি কিছু আছে?’ স্ত্রী বললেন, ‘না, তবে আমাদের শিশুদের খাবারটুকু আছে।’
তিনি বললেন, ‘তুমি কোনোভাবে শিশুদের অন্য কাজে ব্যস্ত রাখো। আর আমাদের মেহমান ঘরে প্রবেশ করলে বাতি নিভিয়ে দেবে। এরপর তাকে এমনটি দেখাবে যেন আমরাও খাবার খাচ্ছি।’
তারপর তারা বসে পড়লেন। মেহমান খাবার খেলেন। পরদিন সকালে ওই আনসারি সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত হলে তিনি বললেন, ‘গত রাতে তোমরা তোমাদের মেহমানের সঙ্গে যে আচরণ করেছ, তাতে আল্লাহ বিস্মিত হয়েছেন।’ (সহিহ বুখারি)
হে মুমিনরা! মানুষের জন্য ব্যয় করার ক্ষেত্রে সওয়াবের প্রত্যাশা কেবল দান-অনুদানের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশুদ্ধ নিয়ত থাকলে এর ক্ষেত্র আরও বিস্তৃত। সহিহ মুসলিমে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে প্রতিদানের আশা রেখে তার পরিবারের জন্য ব্যয় করে, তখন তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।’
তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-কে আরও বলেছেন, ‘তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যা কিছু ব্যয় করবে, তার বিনিময়ে তোমাকে অবশ্যই প্রতিদান দেওয়া হবে। এমনকি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটি তুলে দেবে, সেটিরও প্রতিদান পাবে।’
পরিবারের জন্য ব্যয় করা একজন মানুষের ওপর দায়িত্ব। অথচ রাসুলুল্লাহ (সা.) জানিয়েছেন, আল্লাহর কাছে প্রতিদানের প্রত্যাশা রেখে সেই দায়িত্ব পালন করলেও সদকার সওয়াব পাওয়া যায়।
সুন্দর কথা বলা সদকা, পরিবারের সঙ্গে ভালো আচরণ করা আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম এবং পরিবারের প্রয়োজন পূরণে চেষ্টা করাও ইবাদত। এভাবে বিশুদ্ধ নিয়তের কারণে মানুষের বৈধ কাজগুলোও নেক আমল ও ইবাদতে পরিণত হয়। এমনকি রাসুলুল্লাহ (সা.) তার সাহাবিদের বলেছেন, ‘তোমাদের প্রত্যেকের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়াতেও সদকার সওয়াব রয়েছে।’ সাহাবিরা বললেন, ‘হে আল্লাহর রাসুল! আমাদের কেউ নিজের জৈবিক চাহিদা পূরণ করলেও কি তার সওয়াব হবে?’ তিনি বললেন, ‘তোমরা কি ভেবে দেখেছ, যদি সে তা হারাম পদ্ধতিতে করত, তাহলে কি তার গুনাহ হতো না? ঠিক তেমনি, যখন সে তা হালাল পদ্ধতিতে করবে, তখন তার জন্য সওয়াব রয়েছে।’ (সহিহ মুসলিম)
ইমানদার ভাইয়েরা! একজন মানুষের জন্য এর চেয়ে বড় বঞ্চনা আর কী হতে পারে যে, সে কল্যাণ ও সৎকাজে নিজের সময়, শ্রম ও সম্পদ ব্যয় করল, অথচ সওয়াবের প্রত্যাশা করতে ভুলে গেল! তার অন্তর মানুষের প্রশংসা ও কৃতজ্ঞতার সঙ্গে জুড়ে রইল! মানুষ যদি তার উপকারের স্বীকৃতি না দেয় কিংবা কৃতজ্ঞতা প্রকাশে ত্রুটি করে, তাহলে তার উদ্যম কমে যায়। কখনো কখনো সে ভালো কাজ করাই বন্ধ করে দেয়।
হে আল্লাহর বান্দারা! আপনারা নিজেদের উদ্দেশ্য ও নিয়তকে নতুন করে শুদ্ধ করুন। প্রতিটি কাজের বিনিময়ে আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা রাখুন। নিশ্চয়ই আপনাদের রব মহান দাতা। তিনি সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। আল্লাহর কাছে যা রয়েছে, তাই উত্তম ও চিরস্থায়ী।
মহান আল্লাহ বলেন, ‘পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে কেউ মুমিন অবস্থায় সৎকাজ করবে, আমি তাকে অবশ্যই পবিত্র জীবন দান করব এবং তারা যা করত, তার উত্তম প্রতিদান অবশ্যই দেব।’ (সুরা নাহল ৯৭)
হে মুমিনরা! সওয়াবের প্রত্যাশা করে কাজ করার অন্যতম ক্ষেত্র হলো বিপদাপদ ও দুঃখ-কষ্টের সময়। যখন দুশ্চিন্তা বেড়ে যায়, একের পর এক বিপদ এসে উপস্থিত হয় এবং সবদিক থেকে অসহায়ত্ব ঘিরে ধরে, তখন বান্দা আল্লাহর কাছে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না।
সওয়াবের প্রত্যাশা করার অর্থ হলো, বিপদে পড়ে ধৈর্য ধারণ করা। আল্লাহর সিদ্ধান্ত ও তকদিরের প্রতি অসন্তোষ প্রকাশ না করা এবং তার রহমত থেকে নিরাশ না হওয়া।
৬ নভেম্বর শুক্রবার, মসজিদে হারামে প্রদত্ত জুমার খুতবা। ভাষান্তর করেছেন মুফতি আতিকুর রহমান