আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে রোগটির সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের বিস্তার অব্যাহত থাকায় পরিস্থিতির ক্রমবর্ধমান ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গতকাল বুধবার পর্যন্ত ১১ হাজার ৪২ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন এবং ৫ হাজার ৩৮৭ জনের মৃত্যু হয়েছে। যা মোট আক্রান্তের প্রায় অর্ধেক। ইবোলা ভাইরাসের বান্দিবুগিও ধরন থেকে এই প্রাদুর্ভাব ছড়িয়েছে। এ ধরনটির বিরুদ্ধে এখনো কোনো স্বীকৃত টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই।
চলতি বছর মে মাসের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ২৬টি প্রদেশের মধ্যে ৮টিতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। চলমান সংঘাত এবং দেশটির স্বাস্থ্যব্যবস্থার ক্রমাবনতিসহ নানা চ্যালেঞ্জের কারণে পরিস্থিতি মোকাবিলা আরও কঠিন হয়ে পড়েছে। প্রধান দুটি উপদ্রুত এলাকা ইতুরি ও উত্তর কিভুতে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যকর্মীদের নির্বিঘœ সেবা দিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। কঙ্গোর সীমানা পেরিয়ে উগান্ডা, কেনিয়া ও নাইজেরিয়াসহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটি নিয়ন্ত্রণে দ্রুত ও জোরদার পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।