চিকিৎসার পর ফের কারাগারে ইমরান খান

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল বুধবার রয়টার্স জানিয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের চোখ পরীক্ষার জন্য তাকে মঙ্গলবার রাতে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘তার উচ্চ রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপরই ইমরানকে আবার কারাগারের কক্ষে ফিরিয়ে আনা হয়েছে।’

ইমরান খানের আইনজীবীরা দাবি করেছেন, কারাগারে থাকা অবস্থায় তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে এবং তিনি তার ডান চোখের দৃষ্টিশক্তির একটি বড় অংশ হারিয়েছেন। গত আগস্টে স্বাস্থ্যের অবনতির কারণে তাকে হাসপাতালে নেওয়া হলেও, নিরাপত্তাজনিত কারণে চিকিৎসা অসমাপ্ত রেখে ফিরিয়ে আনা হয়েছিল। তারপর এই প্রথম তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হলো। ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের একটি আদালত ইমরান খানের স্ত্রী ও আইনি দলকে তার সঙ্গে দেখা করার সুযোগ দিতে কারা কর্র্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও ইমরান খানের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ তুলেছে পিটিআই। এদিকে গত মঙ্গলবার ইমরানের দল পিটিআইয়ের উপ-সভাপতি শাহ মাহমুদ কোরেশিকেও লাহোরের এক কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওই শহরেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখনো হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে একাধিক দুর্নীতি মামলার মুখোমুখি হতে হয়েছে ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ৭৪ বছর বয়সী এই তারকাকে। তিনি গত তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন। যদিও তার বিরুদ্ধে হওয়া অধিকাংশ মামলার সাজা স্থগিত বা বাতিল করা হয়েছে, তবে বেশ কিছু আপিল আদালতে বিচারাধীন। ইমরান খান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তবে পাকিস্তান সরকার বরাবরই ইমরানের এই অভিযোগ প্রত্যাখ্যান করা আসছে। ইমরানের মুক্তির দাবিতে গত মাসে খাইবার পাখতুনখাওয়া থেকে ইসলামাবাদমুখী লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছিল পিটিআই।

সর্বশেষ সর্বাধিক পঠিত