বাংলাদেশের চিত্রশিল্পী, লেখক, গবেষক ও কিউরেটরদের মধ্যে পরিচিত নাম শাওন আকন্দ। গ্রামীণ লোকশিল্প, তাঁতশিল্প, রিকশাচিত্র এবং অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পমাধ্যম নিয়ে গবেষণা ও সংরক্ষণ তার কাজের মধ্যে অন্যতম। ১৫ অক্টোবর ১৯৭৫ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। তার মা শাহিদা মুসা অশ্রু ছিলেন একজন কবি ও সমাজকর্মী। তার শৈশব ও কৈশোর কেটেছে কুষ্টিয়ায়। তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন এবং ১৯৯৭ সালে গ্রাফিক ডিজাইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে ২০০০ সাল থেকে তিনি লোকসংস্কৃতি ও ঐতিহ্যবাহী শিল্প নিয়ে গবেষণা শুরু করেন। তামা-কাঁসাশিল্প, তাঁতশিল্প, নকশিকাঁথা, রিকশা পেইন্টিংসহ বিভিন্ন বিষয় নিয়ে গভীর অনুসন্ধান চালান। ২০০৭ সালে বাউল দর্শনে অনুপ্রাণিত হয়ে তিনি ‘ক্র্যাক আন্তর্জাতিক আর্ট ক্যাম্প’ (CRACK International Art Camp) প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে তিনি দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলেন। একটি হলো কুষ্টিয়ায় ‘অশ্রু আর্কাইভ’ এটি একটি অলাভজনক গবেষণা কেন্দ্র। অন্যটি হলো ঢাকাভিত্তিক ‘যথাশিল্প’ (ঔড়ঃযধংযরষঢ়ধ), যেখানে তিনি পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছেন। যথাশিল্প ঐতিহ্যবাহী কারিগর, লোকশিল্পী ও সমকালীন শিল্পীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং হারিয়ে যাওয়া শিল্পশৈলীকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করে। শাওন আকন্দের গবেষণাগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বাংলাদেশের আধুনিক চারুশিল্পের প্রবণতা’ (২০০৪), ‘ধামরাই জনপদের কাঁসা-পিতল শিল্প’ (২০০৭), ‘ঢাকাই জামদানি’ (২০১১), ‘বাংলাদেশের লোকশিল্পের রূপরেখা’ (২০১৩), ‘বাংলাদেশের সিনেমা-ব্যানার পেইন্টিং : বিলুপ্তপ্রায় শিল্পশৈলী’ (২০১৭) এবং ‘বাংলাদেশের তাঁতশিল্প’ (২০১৮)। শেষের বইটি মননশীল শাখায় ‘প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪২৪’ (২০১৯) লাভ করে। ২০২৩ সালে তিনি ‘ঢাকার চারুকলার বিকল্প ইতিহাস : অপ্রাতিষ্ঠানিক ধারার সন্ধানে’ শীর্ষক গবেষণার জন্য ‘গণেশ হালুই বেঙ্গল গবেষণা বৃত্তি’ পান। চিত্রশিল্পী হিসেবে তিনি চিত্রকলা, প্রিন্টমেকিং, ফটোগ্রাফি, ইনস্টলেশন ও ভিডিও মাধ্যমে কাজ করেন। তার শিল্পকর্মে সামাজিক-রাজনৈতিক কাঠামো ও সাংস্কৃতিক মানদণ্ড নিয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। উল্লেখযোগ্য একক প্রদর্শনীর মধ্যে রয়েছে ‘What is Reality’ (দৃক গ্যালারি, ঢাকা, ২০০৭), ‘Paradox of the Partition’ (নয়াদিল্লি, ২০১৩) এবং ‘To See or Not to See’ (জাতীয় চিত্রশালা, ঢাকা, ২০১৬)। এ ছাড়া তিনি জলের গান ব্যান্ডের ‘অতল জলের গান’ (২০১৩) অ্যালবামের একাধিক গানের গীতিকার হিসেবেও পরিচিত। শাওন আকন্দ বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতিকে সংরক্ষণ, গবেষণা এবং সমকালীন শিল্পচর্চার সঙ্গে সংযুক্ত করার কাজে নিরন্তর নিয়োজিত রয়েছেন।
চর্চায় যার মানুষের শিল্প
আলমাস তাহমিদ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ এএম
চর্চায় যার মানুষের শিল্প
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০