গুরু কে এটা বলা যায়, শিষ্য কে এটা বলা যায় না...

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ এএম

শিল্পী, গবেষক ও যথাশিল্পের উদ্যোক্তা শাওন আকন্দ বহুদিন ধরে করছেন তাঁত ও লোকশিল্প নিয়ে গবেষণা। লোকশিল্প, বাংলাদেশের সমকালীন শিল্প, সমাজ ও তার নানা রাজনীতি এবং ঔপনিবেশিক বিষয়-আশয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন দেশ রূপান্তরের পক্ষে অনিন্দ্য নাহার হাবীব

দেশ রূপান্তর : লোকশিল্পের বিষয়টাকে কি আমরা শুধু ঐতিহ্য হিসেবে দেখব, নাকি এটাকে কনটেম্পোরারি এই সমকালীন শিল্পচর্চায় এটার খুবই গুরুত্ব আছে কি নেই এই বিষয়গুলো নিয়েও ভাবা যায়?

শাওন আকন্দ : আমার কাছে এই লোকশিল্প টার্মটাতেই মনে হয় যে একটা ঝামেলা আছে। যেটা হলো ফাইন আর্ট, এটা ফোক আর্ট, এই ক্রাফট। এই যে শ্রেণিকরণ, এটা তো ইউরোপিয়ান একটা টার্ম আর কি, আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। এ-রকম তো কোনো গল্প ছিল না। ভারতীয় শিল্পশাস্ত্রে কোথাও তো লোকশিল্পের কোনো নাম  নেই। ওদের উৎস খুঁজতে গিয়ে দেখলাম এটা পুরোপুরিই ক্যাপিটালিজমের উৎপত্তি, কলোনি এগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত একটা প্রকল্প। এই যে ক্লাসিফিকেশন করাটা এটা মডার্নিজমের একটা প্রাথমিক বৈশিষ্ট্য। আমার মনে হয় এখন সময় হয়েছে উনিশ শতকে লালন ফকির যে-রকম করে জাতভেদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনি বর্তমান শিল্পকলার জাতভেদের বিরুদ্ধে দাঁড়ানোর।

দেশ রূপান্তর : চারুকলা আর লোকশিল্পের মধ্যে যে একটা প্রাতিষ্ঠানিক বিভাজন, এটাতে লাভটা কী হলো? আমাদের কি কোনো লাভ হয়েছে?

শাওন আকন্দ : আমি খেয়াল করে দেখেছি যে পুরো উনিশ শতকের কোথাও বাংলা ভাষায় লোকশিল্প শব্দও নেই, কারুশিল্প শব্দও নেই, চারুশিল্প শব্দও নেই। আপনি খুঁজে দেখেন। কারু মানেই শিল্প। হরিচরণের বঙ্গীয় শব্দকোষে তাই বলেছে। চারু মানে সুন্দর, কারু মানে শিল্প। বিশ্বকর্মা থেকে সিঁধেল চোর পর্যন্ত সবাই শিল্পী আসলে। ফলে শিল্পের ধারণা, কলার ধারণা ভারতবর্ষে সম্পূর্ণ আলাদা। এবং ব্রিটিশরা যেটা করেছে আমাদের, সেটি স্কুল বানিয়ে, পাবলিকেশন বানিয়ে, এক্সিবিশন বানিয়ে নানা রকম ফরম্যাটে আমাদের বলেছে যে তোমাদের তো আর্ট নেই। আমি নাইন্টিন্থ সেঞ্চুরির অজস্র বই দেখাতে পারি যেখানে তারা বলছে যে, ইন্ডিয়ানদের তো আর্ট আসলে হয় না। তাহলে ইংরেজদেরটা হচ্ছে ফাইন আর্ট, আমরা করে নিয়েছি চারুশিল্প। শুরুর দিকে সুকুমার শিল্পও বলা হতো। মানে এলিটদের জন্য একটা গল্প আর কি। একেবারেই এলিটদের জন্য বিশেষ ধরনের আর্ট।

আমি একবার ১৯ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলার কারুশিল্প বিভাগের আয়োজনে একটি সেমিনারে প্রশ্ন তুলেছিলাম কারু এবং শিল্প দুটো তো একই মানে। কারু মানেই তো শিল্প। অভিধান তো তাই বলছে। শিল্প মানেও শিল্প। কারু এবং শিল্প দুটোই সিমিলার, সমার্থক শব্দ। দুটো আবার জোড়া লাগল কবে? আমি প্রথম খেয়াল করে দেখলাম অক্ষয়কুমার মৈত্রেয়র ১৯২১-২২ সালের দিকের একটা লেখায়।

দেশ রূপান্তর : তাহলে বাংলাদেশের শিল্পকলা মানে বাংলাদেশের শিল্পের ইতিহাস কি তাহলে কিছু প্রতিষ্ঠান আর কিছু স্বীকৃত শিল্পী?

শাওন আকন্দ : আরে বাংলাদেশের শিল্পকলা হচ্ছে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষকদের ইতিহাস। প্রধানত। আর তাদের কিছু ছাত্রের ইতিহাস। এর বাইরের আর কিছুকেই বাংলাদেশের চারুকলা বলে স্বীকারই করে না। তারা লোকশিল্প, কারুশিল্প বলে চালিয়ে দেয়। যখন জয়নুল আবেদিন এবং অন্যরা আমাদের লোকশিল্পের দিকে মনোযোগের কথা বলছেন, লোকজীবনের দিকে মনোযোগের কথা বলছেন, তখন আমরা আঁকছি অ্যাবস্ট্রাক্ট আর্ট। আর্টিস্টরা এইভাবে গর্ববোধ করে আমার আর্ট তো সবাই বোঝে না।

দেশ রূপান্তর : এই যে টিচারদের ইতিহাস, এই ইতিহাসের বাইরে যারা শিল্পী, প্রান্তিক শিল্পী, এদের সবচেয়ে বড় বাধা কোথায়?

শাওন আকন্দ : একটা উদাহরণ দিচ্ছি। আমাদের চোখের সামনে একটা জিনিস আছে, সবাই সেটা জানে, সবাই সেটা চেনে, কিন্তু আর্টিস্টরা শুধু চেনে না। শাপলা চত্বর বা দোয়েল চত্বর। ভাস্কর্যবিষয়ক আলোচনায় এই দুটোকে ভাস্কর্য হিসেবে ধরাই হয় না। কারণ কী? যিনি করেছেন তিনি একজন নন-একাডেমিক আজিজুল জলিল পাশা। বিষয়টা এমন নয় যে অপরিচিত ছিলেন। জয়নুল আবেদিন কিংবা কামরুল হাসানের সঙ্গে তার গভীর সখ্য ছিল। তিনি একটা অ্যাড এজেন্সি চালাতেন ফিফটিজ-সিক্সটিজে। কিন্তু তার কাজ মূল্যায়ন করার জন্য যে মানসিকতা লাগে, এটা তো তাদের ছিল না। আপনি পাশার নাম জানেন না। অথচ শাপলা চত্বর জন্মের পর থেকে চেনেন, চেনেন না? আপনাকে জানতে দেওয়া হয়নি। এটা পলিটিক্স অব সাইলেন্স।

আপনি কি জানেন যে আমিনুল ইসলাম স্যার চারুকলায় ভর্তি পরীক্ষার আগে পুরান ঢাকায় এক শিল্পীর কাছে শিষ্যত্ব গ্রহণ করে ছবি আঁকা শিখেছিলেন? তার নিজের আত্মজীবনীতেই লিখেছেন। কিন্তু তার নাম লিখতে ভুলে গেছেন। ৫০, ৬০, ৭০ দশকজুড়ে সিনেমা ব্যানার পেইন্টিং আর রিকশা পেইন্টিংয়ের চরম রমরমা। একাডেমি এদের ইগনোর করে গেছে কমপ্লিটলি। দশকের পর দশক। তারা বোঝেননি যে রিকশা পেইন্টিং একটা গুরুত্বপূর্ণ জিনিস। কখন এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? যখন বিদেশিরা এসে বলল, ‘দারুণ!’ তখন উই আর অলওয়েজ ওয়েটিং ফর সাম হোয়াইট স্কিন পিপল।

দেশ রূপান্তর : যখন চারুকলায় ঢুকলেন বা তার আগে থেকেই তো আপনি কাজ করছেন, তখন এই যে এক্সপেরিয়েন্সের মিডিয়াম বা আর্টের মিডিয়াম কোনটা আপনাকে টানত? তখনই কি রিসার্চ করতে ইচ্ছে করত? এবং সময়ের সঙ্গে সঙ্গে কী কী বদল এলো?

শাওন আকন্দ : চারুকলায় পড়েই এটা শিখেছি যে শিল্পী হওয়ার জন্য চারুকলায় পড়া খুব জরুরি না। আমি বের হয়েছিলাম ডি-কলোনিয়াল জ্ঞান এবং শিল্পের সন্ধানে। কোথায় আছে সেই সব? কলোনির জ্ঞান তো আমরা একাডেমিতে পড়েছি। এই বিশ্ববিদ্যালয় তো আমাদের তৈরি না, ব্রিটিশদের তৈরি। এই কারিকুলাম তো আমাদের তৈরি না। তখন আমার মনে হয়েছে যে এই যে যাদের আমরা লোকশিল্পী বলি, কারুশিল্পী বলি, ট্র্যাডিশনাল আর্টিস্ট বলি এদের পেছনে আমি দৌড়াতে আরম্ভ করেছি। তাদের সন্ধান অনুসন্ধানে ব্যাকুল হয়েছি নিজের মতো করে। দিস ইজ নট অ্যাবাউট ট্র্যাডিশন অল দ্য টাইম। ট্র্যাডিশন বলে আমাদের সামনে যা উপস্থিত করা হয়, তার একটা বড় অংশই আসলে একটা কলোনিয়াল উত্তরাধিকার। আমরা বুঝেই ভুলে গেছি যে এগুলো কলোনির গল্প। এটা আমাদের দেশের মূল ট্র্যাডিশন না।

দেশ রূপান্তর : এ বিষয়ে আরেকটু বলেন।

শাওন আকন্দ : যেমন টাঙ্গাইল শাড়ি নিয়ে আমিই প্রথম সম্ভবত বলি দিস ইজ নট অনলি ট্র্যাডিশনাল, ইট ইজ অলসো এ ম্যাটার অব অ্যাডাপশন। বাংলার তাঁতিরা এটা অ্যাডাপ্ট করে নিয়ে সেটা তার ট্র্যাডিশনাল জ্ঞানের সঙ্গে ব্লেন্ড করে তারা শাড়ি উৎপন্ন করছেন বলে টাঙ্গাইল শাড়ি আলাদা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। আমাদের এখানে যেই সুতায় তাঁতিরা কাজ করেন, এই সুতার খুব সামান্য অংশ দেশে প্রডিউস হয়। বেশিরভাগই বাইরে থেকে আসে। যে যন্ত্রগুলো ব্যবহার করা হয়, তাতে এই জামদানি ছাড়া কোনো তাঁতযন্ত্রই আমাদের না। সবই অ্যাডাপশনের গল্প। এই ঠকঠকি তাঁত বলেন, জ্যাকার্ড মেশিন বলেন, ডবি মেশিন বলেন সব। ব্রিটিশরা ওয়েভিং স্কুল করে করে আমাদের এসব শিখিয়েছে। কোনোটা হয়তো ফ্রান্সে আবিষ্কার হয়েছে, কোনোটা হয়তো ডেনমার্কে প্রচলিত হয়েছে। এটাকেই আমরা এখন বলছি ট্র্যাডিশন। মানে বাংলাদেশের ট্র্যাডিশন উৎপন্ন হচ্ছে ফরাসি দেশের তৈরি করা একটা যন্ত্রে। ভাবেন! এটা হয় নাকি কোনোদিন?

দেশ রূপান্তর : কিন্তু এটাই তো গর্ব করে আমরা চালাচ্ছি যে আচ্ছা ঠিক আছে...

শাওন আকন্দ : হ্যাঁ। এটা হলো মূলত আমাদের জ্ঞানের অভাব। আমি এভাবেই এখন এটাকে ব্যাখ্যা করি যে আমরা আমাদের নিজেদের জ্ঞান প্রডিউস করতে পারিনি এবং নিজের জ্ঞানের আলোকে আমাদের দেশটার দিকে তাকাতে পারিনি। এটার কারণে আমাদের শিল্পকলার ইতিহাস বলি, শিল্পচর্চা বলি, আমাদের সমাজ বলি, আমাদের দর্শন বলি, আমাদের রাজনীতি বলি সব গেছে গোল্লায়। তাই না?

দেশ রূপান্তর : ড্রইং হয় না, হ্যাঁ। এই শব্দগুলো খুব মজার।

শাওন আকন্দ : এই ড্রইং হয় না মানে? পৃথিবীতে কত রকমের ড্রইং হবে, ও বলার কে যে এটা ড্রইং হয় না? আচ্ছা, চাইনিজ ড্রইংয়ের সঙ্গে আফ্রিকান ড্রইং মিলবে কোনোদিন? এটার মানে হয়? নাকি ইন্ডিয়ান ড্রইং মেলে ইউরোপিয়ান ড্রইংয়ের সঙ্গে? তো ভিন্ন ভিন্ন রকম ড্রইং হবে পৃথিবীতে, সেটা আমরা কেন ভাবি না? হু ডিসাইডস এটা ভালো ড্রইং আর এটা খারাপ ড্রইং? পৃথিবীতে কোনো অঞ্চলে মানুষ থাকলে তার যে নান্দনিক বোধ, প্রয়োজন বা অপ্রয়োজনে সে তার মতো করে এক্সপ্রেস করবে। সে গান গাইবে। সে ছবি আঁকবে।

২০ হাজার বছর আগে সডিলো হিল কিছু বুশম্যান এঁকেছে। বুশম্যান মানে কী? যারা ঝোপ ঝোপ জঙ্গলে থাকে, যারা নিজেদের বলে সান পিপল। ঘটনাচক্রে আমি কিছুদিন আফ্রিকায় ছিলাম। গেলাম সেখানে সডিলো হিল দেখতে। কিন্তু ২০ হাজার বছর আগে কারা এঁকেছিল এই ছবি? তখন না ছিল কোনো ইনস্টিটিউট, না ছিল কোনো রং কোম্পানি, না ছিল কোনো এজেন্ট, না ছিল কোনো বায়ার, না ছিল কোনো অকশন। তারপরেও তারা ছবি এঁকেছে।

দেশ রূপান্তর : কেমন লাগল?

শাওন আকন্দ : ফ্যান্টাস্টিক! আমার ছবি আঁকা বন্ধ হয়ে গেল। ২০০ বছর পরেও তো আমাদের ছবির কথা কেউ মনে রাখবে না।

দেশ রূপান্তর : কতদিন আর এভাবে কাজ চালিয়ে যাবেন?

শাওন আকন্দ : আমি আমার মতো করে কাজ করি, আমার মতো করে কোনো রকমে জীবনযাপন করে বাঁচি। আমার টাকা-পয়সাও নেই, ক্ষমতাও নেই, আর এই শহরের ওপর কোনো মোহও নেই। আমরা তো একটা নিজেদের সৎভাবে রোজগার করার পথ বের করেছি। আমি ঢাউস বই লিখতে পারি, কিন্তু একটা এন্টারপ্রাইজ চালাতে পারব না? কঠিন কাজ। আমি এটা ভাবছিলাম তার কারণই হচ্ছে যে, আমার মনে হয়েছিল আমি বই লিখি আর আমি খ্যাতি লাভ করি, তো তাদের কী? ওই লোকশিল্পীর কী? তাদের কোনো উপকারে লাগে না। তাদের যদি দুটো কাজ দিই, কাজের বিনিময়ে টাকা দিই, তাহলে তাদের লাভ। আমাদের যথাশিল্পে তো এখন প্রায় ১,০০০ আর্টিজান কাজ করেন। যারা গ্রামের মহিলা, তাঁতি, কামার, কুমার নানা টাইপের প্রায় ১,০০০ মানুষ আমাদের সঙ্গে কাজ করেন রেগুলারলি। সেটা তো খুব বড় অংশ না। তো আমার বক্তব্য আমি যদি ৫০০ মানুষের জীবনেও একটা রোল প্লে করতে পারি, এটা কম না।

দেশ রূপান্তর : আপনি এতগুলো বিষয় কীভাবে সামলান?

শাওন আকন্দ : দেখেন অনিন্দ্য, আমি তো একটু এক্সট্রিমিস্ট টাইপের লোক। ২০০২ সালে ডিসিশন নিলাম আমি শুধু ছবিই আঁকব, আর কিছু করব না। কাটাসুরের একটা ফ্ল্যাটে একটা ছোট রুম নিয়ে আমি থাকতাম। কোনো ফ্যান ছিল না, কোনো পর্দা ছিল না। একটা বিছানা ছিল, ওখানে ঘুমাতাম। আর কিছু বই ছিল এক কোনায়, আর কিছু আঁকার সরঞ্জাম এই। সবাই বলে খুব ভালো ছবি আঁকো, কিন্তু বিক্রি হয় না। বছরখানেক স্ট্রাগল করে যখন দেখলাম যে এটা আমার পথ না, তখন আমি ছেড়ে দিলাম।

এসব কাজ করতে গিয়ে যেটা ঘটেছিল, এটা নিয়ে আমি ২০০৩ সালে প্রথম একটা ছোট আর্টিকেল লিখি। ‘বাংলাদেশের আধুনিক চারুশিল্পের প্রবণতা’। সেখানে আমি আসলে অনেকগুলো প্রশ্ন তুলছি। উত্তর দেওয়ার চেষ্টা করিনি। আমি প্রশ্নগুলো তোলার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় প্রশ্নটাই সবচেয়ে জরুরি।

দেশ রূপান্তর : তাহলে আপনার ক্র্যাক, যথাশিল্প, নিজের কাজ সমস্ত কিছুই আসলে একটা এক ধরনের অ্যাক্টিভিজম।

শাওন আকন্দ : হ্যাঁ, আমি শিখছি, ভুল করছি, বোঝার চেষ্টা করছি। আমি নানা রকম উদ্যোগ নিচ্ছি।

আমার খালা ছিলেন শিল্পী। আর্টিস্ট রাশেদা বেগম। তার কাজ ঢাকা আর্ট সামিটে যখন প্রথম দেখানো হয়েছে, তখন তার বয়স ৮১-৮২। তার আগে কেউ তাকে কোনোদিন বলেইনি তিনি শিল্পী। তো আমরা তো অপ্রাতিষ্ঠানিক শিল্পীদের শিল্পী হিসেবে গুনিই না। এটা তো কলোনির চোখ দিয়ে হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং আমাদের এই বাঙালি মধ্যবিত্তের খুব বিরাট ঝামেলাও আছে। এই বাঙালি মধ্যবিত্ত এই সুবিধাগুলো নিতে চায়, শিল্পী সমাজেরও দায় আছে। জয়নুল আবেদিনই তো দেখা গেল ওই মদন চাঁদ পালরে রায়েরবাজার থেকে নিয়ে গিয়ে আর্ট কলেজের মাস্টার বানিয়েছিলেন। হাটেও নাই, ঘাটেও নাই। কেন নাই? এই যে আমাদের বড় বড় কুতুবরা, শিল্পকলায় বিভিন্ন উদ্যোগ নেন কোনো শিল্পীকে তারা নিয়েছেন শেষ পর্যন্ত? বলেছেন আসেন ভাই, আপনি একটা সিস্টেম করে আমাদের সঙ্গে যুক্ত হন? করেননি কেন?

দেশ রূপান্তর : আচ্ছা। এত কিছুর পরও আপনি কি আশাবাদী না নৈরাশ্যবাদী?

শাওন আকন্দ : আমি আশাবাদী। কিন্তু আপনি যদি মনে করেন, একদিন পৃথিবী চেঞ্জ হয়ে যাবে আমি মনে করি ওসব আশা-টাশা কম বয়সে করা যায়। শেষ বয়সে এসে ওসব আশা আমি করছি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে, আমার পক্ষে যেটা সম্ভব মনে হয়েছে, সেটা আমি করার চেষ্টা করছি। আমি বসে থাকিনি। আমি আমার মতো করে পথ বের করেছি। যেমন ধরেন যে আমি যখন ক্র্যাক আর্ট ক্যাম্প করি, তখন আমার প্রথম চিন্তাটা ছিল যে আচ্ছা আর্ট প্র্যাকটিস করতে গেলে কি সবসময় বড়লোকদের স্পনসরই লাগবে নাকি? আমি যখন দেখছি প্যারালালি বাউলরা বছরের পর বছর, যুগের পর যুগ, শত শত বছর থেকে সাধুসঙ্গ করেন, তাদের তো স্পনসর লাগে না। তো বাউলরা যদি বছরে একবার দুইবার বহু জায়গায় একত্রে সাধুসঙ্গ করতে পারেন, তো শিল্পীরা একসঙ্গে বসে কিছুদিন একসঙ্গে থাকবেন, কিছু ভাববিনিময় করবেন, আলাপ-টালাপ করবেন, কিছু কাজটাজ করার চেষ্টা করবেন, চলে যাবেন। সমস্যা কী? উই ডিড ইট। আমি করে দেখিয়েছি যে এটা করা সম্ভব।

দেশ রূপান্তর : আপনি কাউকে এ বিষয়গুলো শেখানোর বিষয়ে কী মনে করেন?

শাওন আকন্দ : গুরু কে আর শিষ্য কে? আমার গুরু ফকির দৌলত সাঁই। আমি যতটা বিশ্ববিদ্যালয়ে শিখেছি, তার থেকে অনেক বেশি শিখেছি বাউলদের কাছে। সাঁইজি বলছেন, ‘দেখো হে, কেউ আমার কাছে বায়াত নেয়নি, কিন্তু মনে মনে আমারেই গুরু বলে জানে। আমি তার কাছে কী সেটা কী করে জানব?’ বলে সাঁইজি একটি অব্যর্থ বক্তব্য দিলেন। বলেন, ‘গুরু কে এটা বলা যায়, শিষ্য কে এটা বলা যায় না।’ আমি যারে গুরু মনে করি সে আমার গুরু এটা বলা যায়। জীবনে চলার পথে যে পথ দেখায় সেই গুরু। তার সঙ্গে জীবনে কোনোদিন দেখা নাও হতে পারে। যেমন সুধীর চক্রবর্তীর লেখা পড়ে আমি প্রথম এই বাউল, বলাহাঁড়ি, লোকশিল্প এসব বিষয়ে উৎসাহী হয়ে উঠেছিলাম।

সর্বশেষ সর্বাধিক পঠিত