আ.লীগ প্রতিরোধে ঐক্যের আহ্বান

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ এএম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সহিংসতা, মাদক কারবার, সীমান্ত হত্যা ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতীয় সংসদে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দেশে মবের ঘটনা কমে এসেছে, ভবিষ্যতে দেশে কোনো মব থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক বা যোগাযোগের ইতিহাস নেই বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ ঠেকাতে ঐক্যের আহ্বান জানালে তার আহ্বানকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডা. শফিকুর রহমান।

গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন বিরোধীদলীয় নেতা। দুই পক্ষের বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে মবের ঘটনা ঘটেছিল ৫৫টি। চলতি বছরের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। এই ১৬টাও যাতে না হয়, সে জন্য আমরা চূড়ান্ত ব্যবস্থা নেব। দেশে কোনো মব থাকতে পারবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মানবাধিকারের সীমারেখার মধ্য থেকেই অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করে দেব।’ চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের জীবন দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেভাবেই কার্যক্রম চলছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি। চলতি বছরের একই সময়ে ঘটেছে ২ হাজার ৬৫১টি। অর্থাৎ খুন কমেছে ২৮৭টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা কমেছে ১২৫টি। চুরি, ডাকাতি ও দস্যুতার ঘটনাও কমেছে বলে দাবি করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ২ হাজার ৪৮২ জনকে পুশইন করা হয়। এ বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ৩৭। এ ছাড়া ১ হাজার ৩৫১ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২২ জন বাংলাদেশি নিহত হন। চলতি বছরের একই সময়ে নিহত হয়েছেন ১২ জন। অর্থাৎ সীমান্তে নিহতের সংখ্যা কমেছে ১০ জন।

বিগত সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকা-, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার বাস্তবায়নে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল জেলায় জেলায় তদন্ত শুরু করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকারের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল অবস্থানের সুযোগ নিয়ে পতিত শক্তি দেশে অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে মানবাধিকারের সীমারেখার মধ্যেই এসব অপচেষ্টা নস্যাৎ করা হবে।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পেছনে পতিত শক্তি ও তাদের দেশীয় দোসরদের উসকানি রয়েছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তৈরি পোশাকশিল্পের অস্থিরতা মোকাবিলায় সরকার নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছে জানিয়ে তিনি বলেন, বোর্ডের বৈঠক চলছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। তবে সীমান্তের ওপার থেকে অর্থ বিনিয়োগ করে একটি মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এতে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী একটি দলের শ্রমিক সংগঠনও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।

জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতি করতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ বিভিন্ন পক্ষ নিচ্ছে, তা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নয়, বরং ঐক্য ও সম্মিলিত অবস্থান প্রয়োজন। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতেও সেই ঐক্য প্রয়োজন। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে এ ঐক্যের বিকল্প নেই। সরকার ও বিরোধী দলের পাশাপাশি সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘এ দেশে আর কোনো দিন যাতে ফ্যাসিবাদী শক্তি, কোনো পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেরকম কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।’

বিরোধীদলীয় নেতা যা বললেন : জাতীয় ঐক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।’

ডা. শফিকুর বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে ঐক্য তৈরি হয়েছিল, সেটি দেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সেই ঐক্যের চেতনাকে ধরে রেখে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষকে আবার ফ্যাসিবাদীদের যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া উচিত হবে না। অতীতে যে পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে যেতে হয়েছে, তার পুনরাবৃত্তি ঠেকানো রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। যারা ফ্যাসিবাদী শক্তিকে আশকারা দিয়েছে বা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই বিচার করবে। তবে শুধু রাজনৈতিক বক্তব্য বা সংসদীয় আলোচনা দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে আলোচনার পর কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে আমরা এখানে বসে যা বলব, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, জাতীয় ঐক্যের আহ্বানকে বাস্তবে রূপ দিতে হবে। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, বিভিন্ন বিষয়ে বিতর্কও হবে। কিন্তু দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবেশ এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীল অবস্থান থাকা প্রয়োজন। জনগণ যেন আর অতীতের মতো রাজনৈতিক নিপীড়ন ও দুঃসহ পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে, এ বক্তব্যের সঙ্গে তিনি একমত। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের বোঝাপড়া রয়েছে, এ বিষয়টি স্পষ্ট করতে হবে। এ বিষয়ে সরকার যদি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে থাকে, তাহলে স্পষ্ট করে বলতে চাই, কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের বসার ইতিহাস নেই। তিনি বলেন, আমরা কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। অথচ যারা তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তাদেরই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস রয়েছে। অতীতে একটি গোয়েন্দা সংস্থার কাছে গিয়ে দুঃখ প্রকাশ এবং দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করার ঘটনাও ঘটেছে।’

বিরোধীদলীয় নেতা বলেন, মাদক নির্মূল বা নিয়ন্ত্রণের আগে দেশে মাদকের প্রবেশ বন্ধ করতে হবে। মাদক ব্যবসার সঙ্গে সরকারি দলের কিছু নেতার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে অতীতের তুলনায় উন্নতির দাবি করা হলেও বাংলাদেশ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ঐক্যের বিষয়ে তার ইতিবাচক অবস্থানের জন্য ধন্যবাদ জানান।

অধিবেশন সমাপ্তিকালে ফ্যাসিবাদী শক্তি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সর্বশেষ সর্বাধিক পঠিত