মানুষের অতিরিক্ত ভোগবিলাসের কারণে পরিবেশের যে বিপুল ক্ষতি হয়, তা কমিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার আহ্বান জানিয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ৩১) শীর্ষ পর্যায়ের আলোচনা গতকাল বুধবার তুরস্কে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা এ সম্মেলনে যোগ দিয়েছেন।
তুরস্কের বার্তা সংস্থা টিআরটির প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পর্যটননগর আনতালিয়ায় চলমান এ সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, মানুষের অতিরিক্ত ভোগবিলাসের কারণে বিশ্ব আজ এক গভীর অস্তিত্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে কোনো দেশই মুক্ত নয়। তুরস্কের প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অন্য বিশ্বনেতাদের সঙ্গে নিয়ে সম্মেলনস্থলে জলপাই গাছের চারা রোপণ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর তারা একটি যৌথ ছবিতে অংশ নেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার আলাপচারিতা হয়। তাদের মধ্যে রয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, লন্ডনের মেয়র সাদিক খান, ওআইসির মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ প্রমুখ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। গতকাল কপ৩১-এর সাইডলাইনে দুই নেতা প্রায় আধঘণ্টাব্যাপী বৈঠক করেন। বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় তাদের আলোচনায় গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী সম্মেলন চত্বরে বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেন। তার সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ অন্যরা।
স্বাস্থ্য সুরক্ষায় তুরস্কের আগ্রহ : নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, জলবায়ুু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহের কথা জানান। এমিনে এরদোয়ান বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলে জলবায়ুু পরিবর্তনের কারণে নারীরা যেসব স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি গতকাল বুধবার এক প্রেস ব্রিফিংয়ে দুই ফার্স্ট লেডির মধ্যে বৈঠকের কথা জানান।
এমিনে এরদোয়ান বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরশক্তি এবং অন্যান্য পরিবেশবান্ধব উদ্যোগের ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পণ্যসহ পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যের বাজার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। জুবাইদা রহমান নারীর ক্ষমতায়ন, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ুু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারী ও শিশুরা যেসব স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছে, তা তুলে ধরেন। রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। তুরস্কের ফার্স্ট লেডি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয় দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের সাইড লাইনে বুধবার বিকাল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে দুই নৈতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ন কবির উপস্থিত ছিলেন।
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্টলেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কুশল বিনিময় করেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মেলনের গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।