আজ ১২ নভেম্বর ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘গোর্কি’ আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। প্রাণ হারিয়ে ছিল লাখ লাখ মানুষ। স্বজন হারানোর বেদনা, ঘরবাড়ি ও সহায়-সম্বল হারানোর স্মৃতি নিয়ে আজও বেঁচে আছেন সেই দুর্যোগে বেঁচে যাওয়া অনেকে। ভয়াল সেই দুর্যোগে ভোলার পাশাপাশি পটুয়াখালীর উপকূলীয় এলাকাতেও নেমে এসেছিল মৃত্যুর বিভীষিকা।
১৯৭০ সালে এই দিনে রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গোর্কি’ উপকূলে আঘাত হানে। প্রবল বাতাসের সঙ্গে কয়েক মিটার উঁচু জলোচ্ছ্বাস মুহূর্তের মধ্যে তছনছ করে দেয় উপকূলের জনপদ। নদী ও সাগরের পানি লোকালয়ে ঢুকে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, গবাদিপশু, ফসলের মাঠ ও অসংখ্য মানুষকে। বিশেষ করে দ্বীপ ও চরাঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।
সেদিনের ভয়াবহতার এক করুণ স্মৃতি জড়িয়ে আছে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের আদম আলী হাওলাদারের পরিবারের সঙ্গে। জীবিকার তাগিদে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে কৃষিশ্রমিকের কাজ করতে গিয়ে ভয়াল জলোচ্ছ্বাসে নিখোঁজ হন তিনি। সেই থেকে আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এমনকি তার মরদেহও খুঁজে পায়নি পরিবার।
আদম আলী হাওলাদারের ছেলে ইয়াকুব আলী হাওলাদার, আইয়ুব আলী ও ছোট ছেলে মূছা হাওলাদারের পরিবার আজও বাবাকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছে। তাদের কাছে সবচেয়ে বড় আক্ষেপ, বাবার শেষ বিদায়টুকুও জানাতে পারেননি তারা। বাবার কোনো কবর আছে কি না, সেটিও তাদের অজানা।
ঐতিহাসিক এ দুর্যোগ ‘ভোলা সাইক্লোন’ বা ‘গোর্কি’ নামে পরিচিত। বিভিন্ন হিসাব অনুযায়ী, এ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় তিন থেকে পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিচারে এটি বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত। পটুয়াখালীর উপকূলীয় এলাকাগুলোও এ দুর্যোগে ব্যাপক ক্ষতির শিকার হয়েছিল।
সেদিন বিপুল প্রাণহানির অন্যতম কারণ ছিল পর্যাপ্ত আগাম সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছাতে না পারা এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রের অভাব। বিপদের ভয়াবহতা বুঝে ওঠার আগেই অনেক মানুষ জলোচ্ছ্বাসের পানিতে ভেসে যান। পরবর্তী সময়ে উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), স্বেচ্ছাসেবক দল, আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং আগাম সতর্কবার্তা প্রচারের গুরুত্ব বাড়তে থাকে।
আজ ৫৬ বছর পরও উপকূলবাসীর কাছে ১২ নভেম্বর শুধু একটি তারিখ নয়। এটি স্বজন হারানোর বেদনা, বেঁচে থাকার সংগ্রাম এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির এক নির্মম স্মারক। ভয়াল সেই রাতের স্মৃতি আজও উপকূলের মানুষের হৃদয়ে গভীর ক্ষত হয়ে আছে।