৩০০ বছরের ইতিহাসের সাক্ষী শ্রীরামপুর জমিদার বাড়ি

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

উপকূলীয় জেলা পটুয়াখালীর ইতিহাস, ঐতিহ্য ও পুরাকীর্তির অন্যতম নিদর্শন প্রায় ৩০০ বছরের পুরোনো শ্রীরামপুর জমিদার বাড়ি। মুঘল স্থাপত্যশৈলীর এ ঐতিহাসিক স্থাপনাটি আজও বহন করছে জমিদারি শাসন, ঐশ্বর্য, শোষণ ও নির্যাতনের নানা স্মৃতি। পটুয়াখালী জেলা শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এ জমিদার বাড়ি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত রয়েছে নানা ইতিহাস ও লোককাহিনী।

স্থানীয় একাধিক প্রবীণ বাসিন্দা এবং তাদের বাপ-দাদার মুখে প্রচলিত বর্ণনা থেকে জমিদার বাড়ির এসব ইতিহাস ও তথ্য জানা গেছে। তথ্যদাতাদের মধ্যে রয়েছেন শাহজাহান মিয়া, আবদুল খালেক হাওলাদার ও মো. জাহাঙ্গীর মিয়াসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাদের ভাষ্য, বংশপরম্পরায় এসব ইতিহাস ও নানা কাহিনী এলাকায় প্রচলিত রয়েছে।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, বাংলার প্রথম নবাব মুর্শিদকুলী খানের শাসনামলে (১৭০০-১৭২৭) শ্রী শিব প্রসাদ মুখোপাধ্যায় ও শ্রী ভব প্রসাদ মুখোপাধ্যায় নামে দুই ভাই নবাবের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। কথিত আছে, শিব প্রসাদ নবাবের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম হয় শিবল খাঁ। এতে খুশি হয়ে নবাব তাকে একটি ভাঁটার আওতায় যত দূর যাওয়া সম্ভব, তত দূর পর্যন্ত জমি এবং ‘মিয়া’ উপাধি প্রদান করেন।

পরবর্তী সময়ে শিবল খাঁর ছেলে কালে খাঁ বরিশালের বাকেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৫৬টি মৌজায় জমিদারি প্রতিষ্ঠা করেন। এসব মৌজার জমিদারি কার্যক্রম পরিচালিত হতো শ্রীরামপুরের এ বাড়ি থেকেই। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, প্রতিটি মৌজায় একটি করে দীঘি ও মসজিদ নির্মাণ করা হয়েছিল। সেসব দীঘি ও মসজিদের অনেক নিদর্শন এখনো বিভিন্ন এলাকায় টিকে আছে।

জমিদার বাড়ির প্রবেশপথে রয়েছে কারুকার্যখচিত একটি ফটক। ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে পুরোনো কয়েকটি প্রাসাদ। স্থাপনাগুলোর নির্মাণশৈলীতে ফুটে উঠেছে তৎকালীন স্থাপত্যরীতির পরিচয়। বাড়ির অন্যতম আলোচিত স্থাপনা ‘আন্দার কিল্লা’। এটি স্থানীয়ভাবে অন্ধকার কূপ নামে পরিচিত।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪০ ফুট প্রস্থের এ স্থাপনায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০টি কক্ষ ছিল। চারদিকে প্রাচীরঘেরা কূপটির বিভিন্ন কক্ষে অপরাধীদের আটকে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বলে জনশ্রুতি রয়েছে। সময়ের পরিবর্তনে কূপটি ভরাট হয়ে গেলেও এর প্রাচীরের কিছু অংশ এখনো টিকে আছে। স্থাপনাটি জমিদার আমলের কঠোর শাসন ও নির্যাতনের নানা কাহিনী মনে করিয়ে দেয়।

জমিদার বাড়ির আশপাশেও ছড়িয়ে রয়েছে মুঘল স্থাপত্যের বেশ কিছু নিদর্শন। বাড়ির কাছেই রয়েছে কারুকার্যখচিত একটি পুরোনো মসজিদ। স্থানীয় মুসল্লিরা এখনো সেখানে নিয়মিত নামাজ আদায় করেন। মসজিদের অদূরেই রয়েছে জমিদার কালে খাঁ ও তার স্ত্রী জুলেখার পাশাপাশি দুটি কবর। মুঘল স্থাপত্যরীতিতে নির্মিত কবর দুটির নকশা ও গম্বুজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

এ ছাড়া জমিদার বাড়ি থেকে বের হওয়ার পথে রয়েছে গম্বুজ আকৃতির একটি পুরোনো সেতু। বর্তমানে সেতুটির নিচে নদী বা খালের অস্তিত্ব না থাকলেও এর নির্মাণশৈলী অতীতের যোগাযোগব্যবস্থা ও স্থাপত্য ঐতিহ্যের স্মৃতি বহন করছে।

কালের পরিক্রমায় জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, বদলে গেছে শাসনব্যবস্থা। হারিয়ে গেছে অনেক স্থাপনার মূল অবয়বও। তবে শ্রীরামপুর জমিদার বাড়ি ও আশপাশের পুরাকীর্তিগুলো এখনো অতীতের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয় বাসিন্দাদের মতে, যথাযথ সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হলে ঐতিহাসিক এ স্থাপনাটি পটুয়াখালীর অন্যতম পর্যটন আকর্ষণ হয়ে উঠতে পারে। এতে নতুন প্রজন্মও জানতে পারবে এ অঞ্চলের পুরোনো ইতিহাস ও ঐতিহ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত